ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার সামনে শ্রমিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে গতকাল বৃহস্পতিবার সকালে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হতাহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজন এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকসহ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা-কর্মীরা অংশ নেন।
গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তাসলিমা আখতার সমাবেশে বলেন, রানা প্লাজা ধসের ১৫ মাস অতিবাহিত হয়েছে। সামনে ঈদ। কিন্তু এখনো শ্রমিকেরা যথাযথ ক্ষতিপূরণ পাননি। ঈদের আগে ক্ষতিপূরণের অংশ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি।
তাসলিমা আখতার বলেন, দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে শ্রমিকেরা ক্ষতিপূরণ আদায় এবং নিখোঁজ স্বজনদের খোঁজে গ্রামের বাড়ি থেকে ঢাকা অথবা সাভারে বাসাভাড়া করে পড়ে আছেন। আর যাঁদের ব্যাংক হিসাব খোলা হয়নি, তাঁরা ক্যান্টনমেন্ট, সমন্বয় সেল, প্রাইমার্কের কার্যালয়, বিজিএমইএ, শ্রম মন্ত্রণালয় ইত্যাদি জায়গায় ঘোরাঘুরি করে হয়রানির শিকার হচ্ছেন। অনেক নারী শ্রমিক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতিপূরণের আশায় প্রতারকদের খপ্পরে পড়ে নির্যাতন ও প্রতারণার শিকার হচ্ছেন।
গার্মেন্টস শ্রমিক সংহতির দীপক রায় বলেন, এখন পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। ১৬০ জনের ওপরে নিখোঁজ শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি কীভাবে নিষ্পত্তি হবে, সে বিষয়ে সরকার ও বিজিএমইএর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।
দীপক রায় অভিযোগ করেন, রানা প্লাজা ট্রাস্ট ফান্ডে ১৪১ কোটি টাকা এবং প্রধানমন্ত্রীর তহবিলে ১০৫ কোটি টাকা জমা আছে। অথচ শ্রমিকেরা ক্ষতিপূরণ পাচ্ছেন না। অন্যদিকে বিদেশি ক্রেতাদের ২৯টির মধ্যে ১৩টি প্রতিষ্ঠান এখনো ট্রাস্ট ফান্ডে টাকা দেয়নি।
সমাবেশ শেষে রানা প্লাজার স্থানের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।