ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা গতকাল শনিবার সকালে সমাবেশ ও মিছিল করেছেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি এ কর্মসূচির আয়োজন করে।
ধসে পড়া ভবনের সামনে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা ক্ষতিপূরণ, ডিএনএ শনাক্ত হওয়া শ্রমিকদের কবর বুঝিয়ে দেওয়া ও নিখোঁজ শ্রমিকদের সন্ধানের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সদস্য দীপক রায় বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় যে শ্রমিকেরা এখনো নিখোঁজ রয়েছেন, তাঁদের বের করা হোক অথবা মৃত ঘোষণা করে ক্ষতিপূরণ দেওয়া হোক।
সংগঠনের সমন্বয়ক তাসলিমা আক্তার বলেন, ‘ঘটনার ১৩ মাস পার হওয়ার পরও ক্ষতিপূরণ ও নিখোঁজ শ্রমিকদের সন্ধানের জন্য আমাদের সমাবেশ করতে হয়। আমরা এখনো জানি না ক্ষতিপূরণ কত দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে এবং কবে দেওয়া হবে।’ তিনি বলেন, শতাধিক শ্রমিক এখনো নিখোঁজ আছেন। অনেকের ডিএনএ শনাক্ত হওয়ার পরও স্বজনেরা জুরাইন কবরস্থানে তাঁদের কবর পাননি।
সমাবেশ শেষে ধসে পড়া রানা প্লাজার সামনের ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করা হয়।