ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেছেন, রানা প্লাজার ঘটনা নিছক দুর্ঘটনা ছিল না, এটা ছিল মনুষ্য সৃষ্টি। কিন্তু এ দুর্ঘটনায় ক্ষতিপূরণের প্রস্তাবে পোশাকমালিকদের প্রতিনিধি স্বাক্ষর করেননি।
সাভার ট্র্যাজেডির চার বছর পূর্তিতে বেসরকারি সংগঠন ব্র্যাক আয়োজিত এক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এম এম আকাশ এসব কথা বলেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল রোববার সকালে এ অনুষ্ঠান হয়। সভায় বক্তারা বলেন, এ দুর্ঘটনার আহত ও নিহত শ্রমিকদের পরিবার সবাই কমবেশি অনুদান পেয়েছে। আইনি সুরাহা না হওয়ায় সরকার গঠিত কমিটির ক্ষতিপূরণ প্রদানের সুপারিশ এখনো বাস্তবায়ন করা যাচ্ছে না। পাশাপাশি সব শিল্পকারখানায় কর্মরত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায্য পাওনা প্রদানে সরকারকে একটি বাস্তবভিত্তিক পরিকল্পনা নেওয়ার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে এম এম আকাশ বলেন, রানা প্লাজায় কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, অক্ষত বের হয়েছে কতজন—এ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। পোশাকমালিকেরা অনেক শক্তিশালী। জাতীয় সংসদে তাঁদের ৩০ জন প্রতিনিধি রয়েছে। তাঁদের আত্মীয়স্বজনও অনেক ক্ষমতাবান। অনুষ্ঠানে দুর্ঘটনার ক্ষতিপূরণ নিয়ে মূল উপস্থাপনায় এম এম আকাশের সঙ্গে ছিলেন রানা প্লাজা ক্লেইমস অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র ক্লেইমস পর্যবেক্ষক মোহাম্মদ কাওসার।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর চার বছর হয়ে গেলেও হাইকোর্টে বিচারের কাজটি এখনো শেষ হয়নি। ট্রাস্ট ফান্ডে এখন পর্যন্ত দায়িত্ব স্বীকার করে কেউ টাকা দেয়নি। যারা দিয়েছে তাদের সবটাই অনুদান। অনুদান ও ক্ষতিপূরণ এক নয়; ক্ষতিপূরণ একটি জবাবদিহির অংশ। আদালতের হাতে যে ফান্ড আছে, তাতে কিছু টাকা আছে, ক্ষতিপূরণের মাপকাঠিও আছে। কিন্তু বিচার শেষ না হলে সেগুলো দেওয়া যাচ্ছে না। সারা হোসেন বলেন, ‘রানা প্লাজায় যে জমি আছে, তার একটা মূল্য আছে। এ জন্য আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় আছি। এ কারণে দায়ী ব্যক্তিদের থেকে প্রকৃত ক্ষতিপূরণ আদায় করা যাচ্ছে না।’
প্যানেল আলোচনায় আরও অংশ নেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম সচিব ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. আনোয়ার উল্লাহ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার মোস্তান হোসেন। ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমেদ মোশতাক রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক গওহার নঈম ওয়ারা।