ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন
ক্ষতিপূরণের বিষয়ে পূর্ণ সমাধান না হলে কয়লা উত্তোলন বন্ধের হুমকি
দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার আশপাশের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিপূরণের বিষয়ে ২০ ফেব্রুয়ারির মধ্যে একটি পরিপূর্ণ সমাধান দাবি করেছেন। তা না হলে ২১ ফেব্রুয়ারি থেকে যেকোনো মূল্যে খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেওয়া হবে। গত সোমবার বড়পুকুরিয়া জীবন-সম্পদ রক্ষা কমিটি দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক ইব্রাহীম খলিল। তিনি বলেন, কয়লা উত্তোলনের ফলে ২০০৬ সালে খনির আশপাশের দুটি গ্রামের আবাদি জমি দেবে যায় ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। ওই সময় খনি কর্তৃপক্ষ কিছু ক্ষতিপূরণ দেয়। কয়লা তোলা অব্যাহত থাকায় এখন আশপাশের ১১টি গ্রামের জমি ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে পূর্ণাঙ্গ সমাধান না হলে ২১ ফেব্রুয়ারি থেকে খনি থেকে কয়লা তোলা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় পেট্রোবাংলাকেই নিতে হবে। সংবাদ সম্মেলনে কমিটির নেতা বেলাল উদ্দিন, রুহুল আমিন, গোলাম ফারুক, মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।এ ব্যাপারে জানতে চাইলে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, সমস্যা সমাধানে সরকার আন্তরিক। এ জন্য এলাকাবাসীকে ধৈর্য ধরতে হবে।