ক্ষতিপূরণের মামলা নিষ্পত্তিতে গড়ে ৬৩০ দিন লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তাদের ক্লান্তি: ২০০৬ সালের শ্রম আইন ক্ষতিপূরণ দাবি মামলায় চ্যালেঞ্জ’–বিষয়ক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট্র (ব্লাস্ট)।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকের ক্ষতিপূরণ চেয়ে আবেদন দায়ের থেকে আদালতে তা নিষ্পত্তিতে গড়ে ৬৩০ দিন সময় লাগে। অথচ আইনে নির্ধারিত সময় ৬০ দিন। শ্রম আইনে করা ৮০টি মামলার ওপর পরিচালিত এক গবেষণায় এমন তথ্য এসেছে।

‘তাদের ক্লান্তি: ২০০৬ সালের শ্রম আইন ক্ষতিপূরণ দাবি মামলায় চ্যালেঞ্জ’–বিষয়ক এই গবেষণা করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট্র (ব্লাস্ট)। গবেষণায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার শ্রম আদালতে ২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে নিষ্পত্তি হওয়া ৮০টি মামলার তথ্য বিশ্লেষণ করেন ব্লাস্টের তাকবীর হুদা। এসব মামলার মধ্যে রাজশাহীর ৪১টি, ঢাকার ২৭, খুলনার ৬ ও চট্টগ্রামের ৬টি মামলা রয়েছে। গত ৩০ জুন এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

২০১৮ সালে শুরু করা গবেষণা কার্যক্রম গত বছর শেষ হয়। গবেষণার ফলাফলে বলা হয়, ৮০টি মামলার মধ্যে ৩৫টিতে ক্ষতিপূরণ দিতে আদেশ দেন আদালত। ৩৬টিতে দাবি খারিজ হয়। অপর ৯টি মামলায় পক্ষগুলো আদালতের সিদ্ধান্তের আগেই নিজেদের মধ্যে দাবির বিষয়ে মীসাংসা করে নেয়। ৩৫টি মামলার মধ্যে ১৯টিতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি ১৬টিতে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কেননা, ইতিপূর্বে নিয়োগকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা বিচারাধীন অথবা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে।

গবেষণার তথ্য অনুসারে, ৮০ শ্রমিকের মধ্যে ২৯ জন নির্মাণ, ২৩ জন পাথরভাঙা, ১৪ জন কারাখানা, ৮ জন মিল, ২ জন দিনমজুর, ২ জন ভারবহনকারী ও ২ জন বৈদ্যুতিক শ্রমিক ছিলেন। এতে দেখা যায়, ৮০ জন শ্রমিকের মধ্যে ৫৩ জন মারা গেছেন এবং ২৭ জন কর্মক্ষমতা হারিয়েছেন। ৮০ জনের মধ্যে ৭৪ পুরুষ ও ৬ নারী ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, যেসব মামলায় আদালতের আদেশের আগে নিয়োগকর্তা স্বেচ্ছায় ক্ষতিপূরণের অর্থ জমা করেছিলেন, সে ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা দ্রুততম সময়ে আদায় হয়েছে। এমন ক্ষেত্রে আদালতের ক্ষতিপূরণ ঘোষণার পরে গড়ে দুই দিনের মধ্যে ক্ষতিপূরণ দাবি করা ব্যক্তি টাকা পেয়েছেন।

যেসব ক্ষেত্রে নিয়োগকর্তা অর্থ জমা করেননি, সে ক্ষেত্রে ক্ষতিপূরণ আদায় বিলম্বিত হয়েছে। এমন ক্ষেত্রে ক্ষতিপূরণ ঘোষণার পর গড়ে ৪৭৫ দিনে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হয়েছে। অথচ আদালত রায় পাওয়ার ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে অর্থ পরিশোধ করার কথা উল্লেখ করেছিলেন।

আরও বলা হয়, দাবিকারীর ঠিকানা (উপজেলা) এবং যে শ্রম আদালতে ক্ষতিপূরণ দাবি করা হয়, তার গড় দূরত্ব ছিল ২০১ কিলোমিটার।