ক্ষতির মুখে আম ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালে চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় বাজারে কম দরে আম বিক্রি করায় তাঁদের এই ক্ষতির শিকার হতে হচ্ছে।আম ব্যবসায়ী ও ফড়িয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন গোপালভোগ জাতের আমের ভর মৌসুম। বাজারে নামছে ক্ষীরশাপাতি আমও। এসব আম চাষিদের কাছ থেকে কেনার পর ব্যবসায়ী ও ফড়িয়ারা ঢাকায় পাঠাতে পারেননি হরতালের কারণে। গতকাল সোমবার সদর উপজেলার সাধুরঘাট আমবাজারে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশি দরে চাষিদের কাছ থেকে আম কেনার পর ঢাকায় পাঠাতে না পারায় স্থানীয় বাজারে কম দরে বিক্রি করতে হয়েছে। এতে সুকুমার প্রামাণিকের সাত হাজার, সাইদুর রহমানের তিন হাজার, শাহান আলীর পাঁচ হাজার ও রাসেলের দুই হাজার টাকা ক্ষতি হয়েছে।ব্যবসায়ী সুকুমার প্রামাণিক জানান, এখানে তিন শতাধিক ব্যবসায়ী ও ফড়িয়া রয়েছেন। সবার এক থেকে সর্বোচ্চ সাত হাজার টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির শিকার হয়েছেন জেলার বৃহত্তম কানসাট আমবাজারের ব্যবসায়ী ও ফড়িয়ারাও। কানসাট আম আড়তদার সমিতির সভাপতি হাজি নজরুল ইসলাম জানান, দুদিন আম পাঠাতে পারেননি; কিন্তু যথারীতি আম তো পেকেছে। তাই ক্ষতি হয়েছে। কারণ, সেই আম চাষিদের বাধ্য হয়ে পাড়তে হয়েছে এবং কম দরে স্থানীয় বাজারে বিক্রি করতে হয়েছে। ঢাকার ব্যবসায়ীদের কাছে যে দরে আম বিক্রি করতে পারেন চাষিরা, স্থানীয় বাজারে তার চেয়ে ৩০০ থেকে ৩৫০ টাকা কম দরে বিক্রি করতে হয়।