ক্ষমতা অপব্যবহারের অভিযোগ ছয় মাসেও এগোয়নি তদন্ত
একটি চাঁদাবাজি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। মামলার বিবাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সাজ্জাদ হায়দার ভূঁইয়া নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে বিষয়টি তদন্তের সিদ্ধান্তও হয়েছিল। কিন্তু অজ্ঞাতকারণে ছয় মাসেও ওই তদন্ত আর এগোয়নি।সাজ্জাদ হায়দার ভূঁইয়া ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ এনে তাঁর বিভাগীয় শাস্তি দাবি করেছেন মামলার বিবাদী চন্দনাইশের ক্ষুদ্র ব্যবসায়ী মাহবুবুল আলম। তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে ওই কর্মকর্তা টাকাও চেয়েছেন বলে অভিযোগ আনেন। জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর চন্দনাইশের আবদুস সালাম নামের এক ব্যক্তি মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে দায়রা জজ আদালতে চাঁদাবাজি মামলা করেন। চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী নেওয়াজ মামলাটির তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানান। পরে এই প্রতিবেদনে বাদী নারাজি দিলে আদালত থেকে যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হায়দারকে বিষয়টি অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয়।অধিকতর তদন্ত প্রতিবেদনে মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন সাজ্জাদ হায়দার। এই মামলার অপর দুই বিবাদী হলেন ওয়ালি উল্লাহ ও সামশুল ইসলাম। এর পর গত ২৬ নভেম্বর আদালত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত তিনজনকে মামলা থেকে অব্যাহতি দেন।মাহবুবুল আলম বলেন, ‘সাজ্জাদ হায়দারের তদন্ত প্রতিবেদনের পর আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দুবার জামিন নিতে আমার খরচ হয়েছে দেড় লাখ টাকা। পরে মামলার রায়ে আমাদের অব্যাহতি দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ক্ষমতার অপব্যবহার করে ওই কর্মকর্তা প্রতিবেদন দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য যুব উন্নয়ন কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।মাহবুবুল আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের নির্দেশ দেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিনিয়র প্রশিক্ষক মো. শহিদুল ইসলামকে। কিন্তু দীর্ঘ ছয় মাসে এই তদন্তকাজে হাত দেওয়া হয়নি।বিষয়টি স্বীকার করে উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী বলেন, ‘আদালতে বিচারাধীন থাকায় আমরা এটি আর তদন্ত করিনি। ওই কর্মকর্তা বদলি হয়ে গেছেন। তাই এটা আর এগোয়নি।’