ক্ষমতা ও নির্বাচনের জন্য আন্দোলন করে লাভ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আয়োজিত এক মুক্ত আলোচনায় বক্তারা বলেছেন, শুধু ক্ষমতার পরিবর্তন বা নির্বাচনের জন্য আন্দোলন করলে দেশের লাভ হবে না। সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন বা তারা যাতে ক্ষমতার অংশীদার হতে পারে, সেই লক্ষ্যে কাজ করলে দেশের উন্নয়ন হবে।
বেসরকারি সংস্থা সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএফএসডি) গতকাল শনিবার এই মুক্ত আলোচনার আয়োজন করে। সিএফএসডির প্রেসিডেন্ট আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ উল্লাহর সঞ্চালনায় সিরডাপ মিলনায়তনে এই আলোচনা হয়।
বর্তমান সরকারের জনসমর্থন নেই বলে মন্তব্য করেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর। তিনি বলেন, মানুষ এক দিনের জন্যও এই সরকারকে চায় না। কিন্তু মানুষ বিএনপির পেছনেও নেই। কারণ, বিএনপি মানুষের এই মনোভাব বুঝতে ব্যর্থ। তাই এখন দাবি সুনির্দিষ্ট করে বিএনপিকে মাঠে নামতে হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, এ দেশে গণতন্ত্র ও রাজনীতি মানে দুই দলের ক্ষমতার দ্বন্দ্ব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।