ক্ষমতা চান জেলা পরিষদ প্রশাসকেরা
জেলার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ক্ষমতা ও সম্মান চান জেলা পরিষদের প্রশাসকেরা। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে জেলা পরিষদের উন্নয়নসংক্রান্ত বার্ষিক পর্যালোচনা সভায় তাঁরা এ দাবি জানান। স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ সভা মূলত উন্নয়ন কর্মসূচি পর্যালোচনার লক্ষ্যে আয়োজন করা হলেও জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা তাঁদের নানা সমস্যার কথাই তুলে ধরেন।
স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেনের সভাপতিত্বে সভায় দেশের ৬১ জেলার জেলা পরিষদ প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, সাতটি বিভাগের বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার প্রকৌশল ও স্থানীয় সরকার বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির ইমন বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে জেলার উন্নয়ন কর্মকাণ্ড তদারক করার কথা বলে জেলা পরিষদের প্রশাসকদের চিঠি দেওয়া হয়। কিন্তু এ চিঠির অনুলিপি সংশ্লিষ্ট বিভাগগুলোতে না দেওয়ার কারণে ওই সব বিভাগ তাঁদেরকে এড়িয়ে চলে। ফলে তদারক করার সুযোগ থাকে না।
চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক, সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী প্রশাসকদের প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানান।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক হাসিনা দৌলা জেলা পরিষদের প্রশাসকদের ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’ উল্লেখ করে বলেন, ‘বর্তমান কাঠামোর মধ্যে কাজ করা সম্ভব কি না, ভেবে দেখতে হবে।’
জেলা পরিষদের প্রশাসক এবং প্রধান নির্বাহী কর্মকর্তারা তাঁদের বক্তব্যে নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। জেলার ব্যাপ্তি অনুসারে জেলা পরিষদে কর্মী সংখ্যা কম মন্তব্য করে তাঁরা বলেন, একজন সহকারী প্রকৌশলীর মাধ্যমে একটি জেলার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সম্ভব নয়। জেলা প্রশাসনের ব্যয় নির্বাহ এবং প্রকল্প তৈরিতে প্রশাসকদের ক্ষমতা একেবারে নেই মন্তব্য করে তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জেলা পরিষদের প্রধান নির্বাহীর বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি করেন প্রশাসক ও নির্বাহীরা।
আলোচনা শেষ দিকে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন বলেন, ক্ষমতা ও সম্মানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারটি নীতিগত। সেটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নিতে হবে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেসব বিষয়ে সমস্যা রয়েছে সেসব বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।