
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধীদলীয় নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি ও আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে বাংলাদেশকে চরম অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার অন্ধকারে নিক্ষেপ করেছে।
আজ রোববার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, ‘বিরোধী দলকে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ, এ রকম চরম অগণতান্ত্রিক পরিস্থিতিতে কোনো নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই উঠতে পারে না। আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করার হীন উদ্দেশ্যে দেশে এই পরিস্থিতির সৃষ্টি করেছে।’
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের পুনর্গঠিত সরকার সম্পূর্ণ বেআইনি ও অসাংবিধানিকভাবে সরকার পরিচালনা করছে। এই সরকারের রাষ্ট্র শাসনের কোনো নৈতিক অধিকার নেই। সব আইন ভঙ্গ করে তথাকথিত তফসিল ঘোষণা করে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সব সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে চলছেন। নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করছেন। চুক্তি স্বাক্ষর করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গণদাবিকে উপেক্ষা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে জাতিকে চরম রাজনৈতিক সংকটে ফেলেছ নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল স্থগিত করে সব দলের অংশগ্রহণের মাধ্যমে অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশের মানুষ একতরফা পাতানো নির্বাচন মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।