ক্ষমতা দখলকারী রাষ্ট্রপতিরা অবসরভাতা পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা দখলকারীদের অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা পাওয়ার পথ বন্ধ করার বিধান রেখে সংসদে রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা বিল, ২০১৬ পাস হয়েছে। সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি আইনে পরিণত হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এইচ এম এরশাদসহ আরও কয়েকজন রাষ্ট্রপতি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। যদিও জিয়া ও এরশাদের পরিবার রাষ্ট্রপতি হিসেবে অবসরভাতা নেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার কখনো পেনশন নেননি। কারণ ওই আইনটিই হয়েছিল ১৯৭৯ সালে। তবে নতুন আইন পাস হলে বঙ্গবন্ধুর উত্তরাধিকারীরা তা পাবেন।

জাতীয় পার্টির একাধিক সদস্য বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে নাকচ হয়। বিলটির বিষয়ে জাতীয় পার্টির সদস্যরা বলেন, তাঁদের নেতা এইচ এম এরশাদকে বঞ্চিত করতে এই বিলটি আনা হয়েছে।

গত বছরের ৯ নভেম্বর বিলটি সংসদে উত্থাপনের পর তা পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি পাসের ফলে ১৯৭৯ সালের ‘প্রেসিডেন্টস পেনশন অর্ডিন্যান্স’ বাতিল হয়ে যাবে।

বিলটির ওপর আলোচনায় জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, ‘জেনারেল জিয়া ও আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে ক্ষমতায় এসেছেন; সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর আর এভাবে ক্ষমতায় আসার সুযোগ নেই। কিন্তু একজন ব্যক্তিকে লক্ষ্য করে আইন করা ঠিক হবে না। শুধু এরশাদকে লক্ষ্য করে এক ব্যক্তির জন্য আইন করা ঠিক নয়। আমরা তিনবার ক্ষমতায় এসেছি, মহাজোটেও আছি।’

একই দলের কাজী ফিরোজ রশীদ বলেন, আদালতের রায়ে ১৯৮৬ সাল থেকে এরশাদের শাসনামলকে বৈধতা দেওয়া হয়েছে। এরপরও তাঁর সুবিধাদি কেড়ে নেওয়া ঠিক হবে না। বিষয়টি আইনি এবং আইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট শেষ করেছেন। এটা তাঁর জন্য প্রযোজ্য হবে না।

নুরুল ইসলাম বলেন, কেউ যদি ছয় মাসের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তিনি ভাতাসহ সুবিধাদি পাবেন। ’৮৬ সাল থেকে নিয়মানুযায়ী নির্বাচিত রাষ্ট্রপতি এরশাদ। সে ক্ষেত্রে তিনিও আদালতের রায় অনুযায়ী আনুতোষিক ভাতাসহ সব সুবিধা পাবেন।

জবাবে মতিয়া চৌধুরী জাতীয় পার্টির সদস্যদের উদ্দেশে বলেন, ‘নিজেরাই কেন নিজেদের দুর্বলতার দিক টেনে আনলেন। বিলে তো কারও নাম লেখা নেই। নিজেরাই প্রকারান্তরে স্বীকার করলেন যে জেনারেল এরশাদ মার্শাল ল দিয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন। চুপ করে থাকলেই তো হতো। যার মনে যা লাফ দিয়ে ওঠে তা।’

এ সময় ফখরুল ইমাম বলেন, বিলে বলা হয়েছে, একজন সাবেক রাষ্ট্রপতি দেশের ভেতরে ভ্রমণের সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থান করবেন। কিন্তু খাওয়ার বিল কে দেবে? সেটা এখানে বলা নেই। তিনি সাবেক রাষ্ট্রপতির খাওয়ার বিল ডিসির এলআর ফান্ড থেকে দেওয়ার প্রস্তাব করেন।

জবাবে মতিয়া চৌধুরী বলেন, এলআর ফান্ড কোথা থেকে আসে? জনগণের পকেট থেকে আসে। ব্যবসায়ীদের ডাকলে কাঁপতে কাঁপতে চলে আসে। চাঁদাবাজি থেকে আসে।

জেলা পরিষদ বিল উত্থাপন: বিদ্যমান জেলা পরিষদ আইন সংশোধনের জন্য গতকাল মঙ্গলবার সংসদে জেলা পরিষদ (সংশোধন) বিল, ২০১৬ উত্থাপিত হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে এক দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।