
ক্ষমতা জবরদখলকারীদের ব্যাপারে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটা জনগণের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে তাদের ক্ষমতা জবরদখলকারীদের কাছ থেকে গণতন্ত্রের নসিহত শুনতে হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই বলে যাঁরা বিদেশিদের কাছে অভিযোগ করেছেন, এ দেশে তাঁদের কোনো স্থান নেই। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘বিদেশিদের কাছে অহেতুক কান্নাকাটি করে কোনো লাভ নেই। যারা যুদ্ধাপরাধীদের মদদ দেয়, জনগণকে পুড়িয়ে মারে, বিপুলসংখ্যক মানুষের সঙ্গে ছিনিমিনি খেলে এবং জনগণের অর্থ ও সম্পদ লুট করে, অবশ্যই তাদের ধরা হবে।’ শেখ হাসিনা বলেন, ‘তাঁরা যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন। কিন্তু তাঁদের কাছ থেকেই আমাদের গণতন্ত্রের উপদেশ শুনতে হয়। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? আমি জানি না, বাংলাদেশের মানুষ সেই ইতিহাস ভুলে গেছে কি না।’ তিনি প্রশ্ন রাখেন, ‘তাঁরা গণতন্ত্রের কোন পথ রচনা করেছেন? তাঁরা বারবার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশকে ধ্বংস করেছেন এবং আবারও তাই করার চেষ্টা করছেন।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁরা গণতন্ত্রের বানান ও গণতন্ত্রের সংজ্ঞা জানেন কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, ‘দেশবাসীর গণতন্ত্রের শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তাঁরা গণতন্ত্রের জন্য অনেক লড়াই-সংগ্রাম করেছেন, বিজয় এনেছেন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছেন।’
প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র বিদ্যমান থাকায় দেশে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং দারিদ্র্যের হার কমেছে। জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে এবং তাঁদের ক্রয়ক্ষমতা বেড়েছে। গণতন্ত্র বিরাজমান থাকায় দেশের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে; এমনকি সরকার নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণ করতে পারছে।
শেখ হাসিনা বলেন, তাঁর দল দেশের মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে এবং এর ফল তারা পেয়েছে। অথচ বিএনপির আন্দোলন ছিল মানুষ পুড়িয়ে মারা ও হত্যা করা এবং মানুষের ওপর নির্যাতন চালানো। এ কারণে তারা জনগণের কোনো সমর্থন পায়নি। উপরন্তু তারা জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি করেছে।
আওয়ামী লীগের প্রধান ২২ ও ২৩ অক্টোবরের দলীয় কাউন্সিল সম্পর্কে বলেন, ‘আমরা আশা করি, আওয়ামী লীগ কাউন্সিলে দলের ঐতিহ্য বজায় রাখবে এবং নতুন নেতৃত্ব নির্বাচন করবে।’
শেখ হাসিনা ১৯৮১ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর দলের সভাপতি পদে তাঁর দায়িত্ব পালনের উল্লেখ করে বলেন, ‘আর কত বছর আমাকে এ দায়িত্ব পালন করতে হবে? আমি চাই আপনারা নতুন নেতৃত্ব নির্বাচন করুন এবং দল সুন্দরভাবে চলবে।’