ক্ষমতা দখলের চিন্তা না করে গণতন্ত্র চর্চা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় গতকাল বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস
আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় গতকাল বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: বাসস

অবৈধভাবে ক্ষমতা দখলের রাজনীতির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু গণতন্ত্রের চর্চা ও জনগণের ওপর আস্থা রাখার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একটা কথাই বলব, যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে নানা কথা না বলে গণতন্ত্রের চর্চা করুন। সেটাই বাস্তবতা।’
বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিন্ন পথে ক্ষমতা দখলে বিএনপির ‘অপচেষ্টার’ প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ‘সে জন্য তারা তো চেষ্টা করেছে। কিন্তু কোনো সাড়া লাভে ব্যর্থ হচ্ছে। তিনি (খালেদা জিয়া) যাদের ওপর আশা করেন, তারাও এতে সাড়া দেবে না।’

শেখ হাসিনা বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) এমন একটা চেষ্টা যে, এমন কিছু হোক যেন তাঁকে তারা (তৃতীয় কেউ) নাগরদোলায় চড়িয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। ওই আশাও এখন দুরাশা।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রপতির কাছে তাঁরা (বিএনপি) প্রস্তাব পাঠিয়েছেন। তিনি তাঁদের ডেকেছেন। তাঁরা আলোচনা করবেন। রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ওপর আমাদের আস্থা ও বিশ্বাস আছে। আমরা জনগণের উন্নয়ন ও কল্যাণে কাজ করেছি। সে জন্য জনগণের ওপর আমরা কখনো বিশ্বাস ও আস্থা হারাই না। কাজেই জনগণই আমাদের মূল শক্তি। সেটাই আমি বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘রাজাকার, আলবদর যাদের আমরা বিচার করেছি, তারা আবার যদি এ দেশে ক্ষমতায় আসে, তাহলে দেশের মানুষের ওপর তারা একাত্তরের মতো ভয়াবহ গণহত্যা চালাবে। এসব করতে খালেদা জিয়ার এতটুকু যে দ্বিধা নেই, তা বাংলাদেশের মানুষ বোঝে।’

সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি তাঁর বক্তৃতায় দেশের উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

জনগণের ওপর নিজ বিশ্বাস ও আস্থা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, তাদের হাতে ক্ষমতা এলে দেশ ও জাতি কিছু পায়। জনগণও সেটা ভালোভাবে জানে।’ প্রধানমন্ত্রী বলেন, আজকে অর্থনৈতিক উন্নয়নের সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের অনেক উন্নত দেশ থেকেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে। কাজেই যে মর্যাদাটা আজকে বিশ্বব্যাপী সৃষ্টি হয়েছে, সেটা ধরে রাখতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকেই আবারও দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তৃতা করেন।