আইন অনুযায়ী স্থানীয় সরকারের কাছে বেশ কিছু সরকারি সেবা কার্যক্রম হস্তান্তরের বিধান থাকলেও তা এখনো হয়নি। সরকারের পক্ষ থেকে নীতিগতভাবে স্থানীয় সরকারব্যবস্থা বিকেন্দ্রীকরণের কথা বলা থাকলেও কার্যত এর প্রতিফলন চোখে পড়ে না। এতে নির্বাচিত জনপ্রতিনিধিরা যথাযথ ভূমিকা রাখতে পারছেন না। সক্ষমতা থাকলেও ইউনিয়ন পরিষদ চাহিদামাফিক সেবা দিতে পারছে না।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘উপজেলা ও ইউনিয়ন পরিষদে হস্তান্তরিত এবং হস্তান্তরযোগ্য বিষয়াবলি কার্যকরীকরণ: গবেষণার আলোকে পর্যালোচনা’ শীর্ষক এ সভার আয়োজন করে ৩৬টি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের মঞ্চ ‘গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম’। ফোরামের সমন্বয়কারী ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সঞ্চালনায় সভায় গবেষণার সারসংক্ষেপ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের অধ্যাপক ড. সালাহউদ্দিন এম আমিনুজ্জামান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সবুর হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় ফজলে হোসেন বাদশা বলেন, স্থানীয় সরকারের কার্যক্রমে সংসদ সদস্যদের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। স্বশাসিত স্থানীয় সরকার গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রমগুলোকে সরাসরি স্থানীয় সরকারের মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে।
সবুর হোসেন বলেন, বর্তমান সরকার তার অঙ্গীকার অনুযায়ী স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উপজেলা পরিষদে ১৭টি বিভাগ হস্তান্তরের ব্যাপারে অগ্রগতি হচ্ছে। উপজেলা পরিষদের নারী সদস্য নির্বাচনের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় স্থানীয় জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।