ক্ষমতা পোক্ত করতে জেলা পরিষদে দলীয় প্রশাসক: জামায়াত
জামায়াতে ইসলামী এক বিবৃতিতে সরকারদলীয় ব্যক্তিদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে। দলটির দাবি, আওয়ামী লীগ নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই এ কাজ করেছে।গতকাল শনিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই বিবৃতি দেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় এবং সংবিধানের ৫৯ অনুচ্ছেদ লঙ্ঘন করে সরকার অনির্বাচিত ও দলীয় লোকদের প্রশাসক নিয়োগ করেছে। তাঁর দাবি, আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের উদ্দেশ্যে রাতের অন্ধকারে একতরফা ও বেআইনিভাবে এ নিয়োগ দিয়েছে।জামায়াতের বিবৃতিতে আরও বলা হয়, হত্যা, গুম ও সরকারদলীয় সন্ত্রাসীদের তাণ্ডবে গোটা দেশ যখন অস্থির এবং দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা যখন উদ্বিগ্ন, তখন জনগণ ও বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি সরকারকে প্রশাসক পদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান।