লোকসভা নির্বাচনের পর দিল্লিতে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন। পঙ্কজ সরন ‘ভারত ও ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক বক্তব্য দেন। এরপর তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিসের পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সি ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসের মহাপরিচালক মেজর জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ।
ভারতে নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে পরিবর্তন আসবে কি না—জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থ কীভাবে সুরক্ষা হয়, তার ওপরই দুই প্রতিবেশীর সম্পর্ক অনেকটা নির্ভর করে। আর সম্পর্কের ক্ষেত্রে আগ্রহের বিষয়টি আসলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাতারাতি বদলে যায় না।
পঙ্কজ সরন বলেন, ‘যত দিন পর্যন্ত আমাদের সম্পর্কের মূল ভিত্তি শক্ত থাকবে, একে অন্যের প্রতি আগ্রহ অপরিবর্তিত থাকবে, আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা থাকবে, দুই পক্ষের রাজনৈতিক সদিচ্ছা থাকবে, আমি মনে করি বাংলাদেশের প্রতি আমাদের পররাষ্ট্রনীতিও অক্ষুণ্ন থাকবে।’
নির্বাচনকে সামনে রেখে ভারতের অসাম্প্রদায়িক চেতনা হুমকির মুখে রয়েছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি পঙ্কজ সরন। তবে তিনি বলেন, ভারতের জনগণ দেশের উদার, আধুনিক ও অসাম্প্রদায়িক চেতনা কাউকে ভূলুণ্ঠিত করতে দেবে না। তবে অসাম্প্রদায়িক চেতনা বিপন্ন হলে তা নিরাপত্তা ও রাষ্ট্রের জন্য হুমকি তৈরি করতে পারে।
ভারতের জোরালো সমর্থনের কারণে বিএনপির বর্জন সত্ত্বেও আওয়ামী লীগ একতরফাভাবে ৫ জানুয়ারির নির্বাচন করতে পেরেছে—বাংলাদেশের মানুষের একটা অংশের এমন ধারণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে পঙ্কজ সরন বলেন, ‘যে সরকার ক্ষমতায় থাকে, তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখার চেষ্টা করি। এটা দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য সহায়ক এবং এতে বাংলাদেশের জনগণের জন্য সহায়ক হতে পারে। এতে যদি বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ না হয়, তবে আমরা নিজেরা আমাদের পরিকল্পনায় ফিরে গিয়ে বুঝতে চাইব, ভুলটা কোথায় করেছি।’
অতীতের ভুলের পুনরাবৃত্তি এড়ানো জরুরি: নিরাপত্তা সহযোগিতার প্রসঙ্গ টেনে পঙ্কজ সরন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এ ধরনের ভুল এড়াতে দুই পক্ষের সচেষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি এক পক্ষের দুর্বলতার সুযোগ নিয়ে অন্যের ক্ষতি করার খেলায় কেউ জয়ী হতে পারে না। তাই কিছু লোক আমাদের দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে, এটা আমরা হতে দিতে পারি না।’
পঙ্কজ সরন বলেন, কংগ্রেস পার্টির শাসনামলে অব্যাহত চেষ্টার পরও বিষয়গুলোর সুরাহা হয়নি। নির্বাচনের পর ক্ষমতার পালাবদল হলেও এ ব্যাপারে যে অগ্রগতি হয়েছে, তা যেন বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে ভারত সজাগ রয়েছে।