জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণে প্রাদেশিক সরকার গঠন জরুরি। আর তা করা হলে, প্রত্যন্ত অঞ্চল হতে যেকোনো কাজে মানুষকে আর ঢাকায় আসতে হবে না। বর্তমান পরিপ্রেক্ষিতে ক্ষমতা রাজধানীকেন্দ্রিক না রেখে দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করে শাসনব্যবস্থার পরিবর্তন আনতে হবে। গতকাল শনিবার বিকেলে জাতীয় পার্টির লক্ষ্মীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। নছির আহম্মদ ভুঁইয়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বিরোধী দলকে উদ্দেশ করে বলেন, গণতন্ত্রে বিশ্বাসী হলে সংসদে এসে জনগণের কথা বলুন। সরকারের প্রতি উপজেলা পরিষদকে সক্রিয় করার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, উপজেলা পরিষদ গঠনের মাধ্যমে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে জাতীয় পার্টির অবদান রয়েছে। জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম আর মাসুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় সভানেত্রী সাংসদ নূরে হাসানাত লিলি, মহিলা সম্পাদিকা নাজমা রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহিম।