ক্ষমতাবিকেন্দ্রীকরণের ওপর জোর দিলেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

ক্ষমতাবিকেন্দ্রীকরণের জন্য জেলা প্রশাসকদের মানসিক প্রস্তুতি নিতে বললেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়সম্পর্কিত আলোচনায় তিনি বক্তব্য রাখেন।
মন্ত্রিপরিষদ বিভাগে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে শেষ হয় সম্মেলনও। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের ব্রিফ করেন।
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘জনপ্রশাসনমন্ত্রী ক্ষমতাবিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছেন। এটা নীতিনির্ধারণীর বিষয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর আগে বিষয়টি বলেছিলেন। এখন জনপ্রশাসনমন্ত্রীও বললেন। সুতরাং তাঁরা (সরকার) এটা চান। তবে এটা ঠিক যে, এটা রাতারাতি সম্ভব নয়। বিকেন্দ্রীকরণের জন্য স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করতে হবে। এ জন্য প্রস্তুতিও নিতে হবে।’
সভার একটি সূত্র জানায়, চাকরিজীবনে একজন কর্মকর্তার সচিবালয়ে ও মাঠ প্রশাসনে পদায়নের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে একটা নীতিমালা করার বিষয়টি আলোচনায় উঠে আসে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে উল্লেখ করা হয়।
এবারের সম্মেলনে জেলা প্রশাসকেরা জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কে মোট ২৪টি প্রস্তাব দিয়েছিলেন। তবে আজকে আরও কিছু নতুন প্রস্তাব আলোচনা হয়।
সম্মেলন শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, সার্বিকভাবে এ সম্মেলন নিয়ে তাঁরা খুব খুশি। সম্মেলনের জন্য ডিসিরা মোট ২৫৩টি লিখিত প্রস্তাব দিয়েছিলেন। এর সঙ্গে তিন দিনের আলোচনায় আরও ২৮১টি প্রস্তাব উঠে এসেছে। এর মধ্যে যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে।