ক্ষমতা ভোগের নয়, দায়িত্ব পালনের বিষয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও কাছে শাসনক্ষমতা ভোগের বস্তু, আর কারও কাছে তা হলো কর্তব্য পালন। তাঁর সরকারের চিন্তা জাতির প্রতি কর্তব্য পালন করা। মানুষ যে ভোট দিয়েছে, তার বদলে সে কী পেয়েছে, সেটাই তাঁদের বিবেচ্য বিষয়। শাসনকাজ পরিচালনাকে গুরুদায়িত্ব বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুন্দর আগামীর জন্য স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, জীবনমান উন্নয়নের চেতনা জনগণের মধ্যে জাগিয়ে রাখতে পারলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, ‘আমরা দেশকে উন্নত করতে চাই। সে লক্ষ্যেই আমাদের রাজনীতি। অতীতে নানা ধরনের রাজনীতি দেখেছি। কিন্তু যে দল একবারে তৃণমূল থেকে মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে গঠিত হয় ও মানুষের জন্য কাজ করতে পারে, তাদের মানুষের জন্য চিন্তাভাবনাটা অন্য রকম থাকে। হঠাৎ উড়ে এসে জুড়ে বসলে তাদের চিন্তাটা থাকে অন্য রকম।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হই। পাঁচ বছরে আমরা জনগণকে কতটা সেবা দিতে পারব, সেটা অর্জন করাই আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য। সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষকেও ভাবতে হবে যে সরকারের সম্পদ হচ্ছে জনগণের। জনগণেরই কল্যাণে কাজ হবে, ব্যয় হবে। এটা দরিয়াতে ঢালার জন্য না।’
গত অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সরকারি কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কাজে আরও গতিশীলতা আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প প্রণয়নটা শুধু অর্থ ব্যয়ের চিন্তা থেকেই যেন না হয়। সেখান থেকে কতটুকু দেশের উন্নতি হবে আর এর সুফল মানুষ কতটুকু পাবে, সে হিসাবটাই আমাদের মাথায় রাখতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও আমাদের নিজস্ব চিন্তাভাবনার আলোকে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির একটি কাঠামো অনুসৃত হয়ে আসছে। এই পদ্ধতির আওতায় প্রতিবছর প্রত্যেক মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব একটি চুক্তি স্বাক্ষর করেন। এটি মূলত মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে আমার সঙ্গেই চুক্তি।’
সরকারি প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কার্যকর ভূমিকা রাখছে বলেও প্রধানমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।
২০১৬-১৭ অর্থবছর নিয়ে তৃতীয়বারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হলো। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জ্যেষ্ঠ সচিব ও সচিবেরা নিজ নিজ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে প্রথমবারের মতো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ২০১৫-১৬ অর্থবছর থেকে মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গেও এ চুক্তি হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলমও বক্তৃতা করেন।
হাজি ক্যাম্পে বালিশ, চাদর, তোশক প্রদান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা হাজি ক্যাম্পে অবস্থানরত হাজিদের বিশ্রাম নেওয়ার সুবিধার্থে ব্যক্তিগতভাবে ৫০ সেট বালিশ, চাদর ও তোশক প্রদান করেন। গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফ উল্লাহ এসব সামগ্রী আশকোনায় অবস্থিত হাজি ক্যাম্পের পরিচালক আবু সালেহ মোস্তফা কামালের কাছে পৌঁছে দেন।