ক্ষমতা সেবা করার একটা সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্কের অনুষ্ঠানে বক্তব্য দেন l প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস উইমেন নেটওয়ার্কের অনুষ্ঠানে বক্তব্য দেন l প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ক্ষমতা চান না। কিন্তু ক্ষমতা মানুষের সেবা করার একটা সুযোগ। কল্যাণ করাটাই তাঁর লক্ষ্য। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) উইমেন নেটওয়ার্কের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর বাসসের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের যেসব বিসিএস কর্মকর্তা স্থানীয় পর্যায়ে রয়েছেন, তাঁরা একটু খেয়াল রাখবেন যাতে আমাদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা তাঁদের ক্ষমতা যথাযথ কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারেন।’
পঁচাত্তরের বিয়োগান্ত অধ্যায় স্মরণ করে শেখ হাসিনা বলেন, ‘মা-বাবা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ একই দিনে পরিবারের ১৮ সদস্যকে হারিয়েছি। হয়তো পাগলই হয়ে যেতাম। অন্তত মৃত্যুর পর যদি প্রিয় বাবার সঙ্গে দেখা হয়, তাহলে যেন এটুকু বলতে পারি যে আপনার প্রিয় মানুষদের জন্য এটুকু করে আসতে পেরেছি।’
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়ায় দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সব হারানোর বেদনা বুকে নিয়েও আমার একটাই প্রেরণা, ক্ষমতা আমাকে কিছু দেবে না। আমি ক্ষমতা চাই না, কিন্তু ক্ষমতা জনগণের সেবা করার, মানুষের কল্যাণ করার একটা সুযোগ। আর সেই কল্যাণ করাটাই আমার লক্ষ্য।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম। বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। স্বাগত বক্তব্য দেন বেগম নাসরিন আক্তার। মাঠপর্যায়ের নবীন কর্মকর্তা হিসেবে ফারহানা জাহান উপমা ও ঝুঁকিপূর্ণ পেশার প্রতিনিধি হিসেবে পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী ঘরের কাজে নারীদের সহযোগিতায় পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের দেশে স্বামী-স্ত্রী দুজন চাকরি করলে, স্বামী ঘরে এসে বলেন, “উফ ভীষণ ক্লান্ত”। নারীকে দিনভর কাজের পরেও সন্তানের যত্নআত্তি করতে হয়; ঘরের কাজ সামলাতে হয়। সুতরাং নারীরাও ক্লান্ত থাকেন। এই অবস্থায় পুরুষরাও কিন্তু তাঁর স্ত্রীর কাজে সহায়তা করতে পারেন।’
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনৈতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজের ছেলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সে ও তার স্ত্রী দুজনই অফিসে কাজ করে। বাসায়ও দুজন কাজ ভাগ করে নেয়। কাজেই কাজ পারি না, বললে হবে না। শিখে নিতে হবে। স্ত্রীকে সহায়তা করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমার নাতিরাও আমার কাছে আবদার করে। সেদিন নাতি বলল, আমি ভাত খাব না, পোলাও খাব। দাদার পুকুরের মাছ মেরে এনেছে, মজা করে রান্না করতে হবে।’ প্রধানমন্ত্রী হয়েও পরিবারের সবার প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি একজন মা, আমি বুঝি না, আমি রান্না করি শুনে সবাই অবাক হয় কেন? আমার রান্না ছেলেমেয়েরা পছন্দ করে। তাই আমি রান্না করি। প্রত্যেক মা-ই তাই করে।’
বিভিন্ন ক্ষেত্রে জ্যেষ্ঠ পদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে যখন সরকার গঠন করি তখন হাইকোর্টের বিচারপতি, সংসদে স্পিকার কিংবা কোনো জেলাতেও ডিসি পদে নারী কর্মকর্তা ছিলেন না। আমরা ক্ষমতায় এসে নারীদের উচ্চ পদে নিয়োগ দিতে শুরু করি। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নারী আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমনকি বুয়েটেও নারী উপাচার্য নিয়োগ দিয়েছি।’
বক্তব্যের শুরুতে শেখ হাসিনা ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘ফাগুন মাস এলেই আমাদের মনটা একটু রোমান্টিক হয়ে যায়। হলুদ শাড়ি-লাল পাড়, হাতে ফুল নিয়ে চলে বেড়াচ্ছে। এটাই তো বাংলাদেশ। অসাম্প্রদায়িক বাংলাদেশ।’