ক্ষমতা হস্তান্তরসংক্রান্ত আদেশের বৈধতা নিয়ে শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটিকে সাবেক কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের আদেশের বৈধতার বিষয়ে শুনানি অব্যাহত রয়েছে। আজ সোমবার এ বিষয়ে শুনানি হবে।গতকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকার জেলা জজ মো. জাহাঙ্গীর হোসেন বাদী ও বিবাদীদের শুনানি গ্রহণ করেন। আদালতের সময় শেষ হওয়ায় আজ শুনানির দিন ধার্য করে গতকাল আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। গত ৫ জানুয়ারি প্রেসক্লাব নির্বাচনকে অবৈধ ঘোষণা ও নবনির্বাচিত কার্যকরী কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা চেয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাইফুল আলম এ মামলা করেন।আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আদালতকে বলেন, নির্বাচনের আগে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তখন বাদীপক্ষ আপত্তি জানায়নি। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এর ভিত্তিতে নির্বাচন হয়েছে। বাদীপক্ষ নির্বাচনে পরাজয় বুঝতে পেরেই মিথ্যা অভিযোগে প্রেসক্লাব থেকে বেরিয়ে যায়। শুনানিতে অংশ নেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম প্রমুখ। বাদীপক্ষে আইনজীবী ওসমান গণি ও শ্রী প্রাণনাথ আদালতকে বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা টাঙানো হয়নি। যে ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে, তাতে সাংবাদিক নন এমন ব্যক্তিদেরও ভোটার করা হয়েছে। এ সময় আদালত ওই সাংবাদিকদের নাম জানতে চান। আইনজীবী প্রাণনাথ ১২০ জনের নাম উল্লেখ করেন। তাঁদের মধ্যে আছেন জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা এবং নবীউল হাসান (দুই বছর ধরে অসুস্থ) ও শামসুদ্দিন; দৈনিক আল মুজাদ্দেদ (প্রকাশনা বন্ধ) পত্রিকার মোমতাজ আহমেদ ও এম কবিরুল ইসলাম; দৈনিক বঙ্গবাণী পত্রিকার সা. ই. বাহাউদ্দিন, মোস্তাক আহমেদ মোবারকী ও আলাউদ্দিন আহমেদ; দৈনিক নওরোজ পত্রিকার সিরাজুল হক ও ফিরোজ মাহমুদ প্রমুখ।এ ছাড়া ভোটার তালিকায় নাম থাকলেও সাংবাদিকতা পেশায় নেই এমন ১২০ জনের নাম উল্লেখ করা হয়।