ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় সরকার দাবি মানছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় বিএনপির দাবি মানছে না’—এ মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার জানে বিএনপির দাবি মানলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। কারণ, তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে। এ জন্য নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করছে। এটি ন্যায্য দাবি। কারণ, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
নজরুল ইসলাম খান বলেন, সরকার বিএনপির নিরপেক্ষ নির্বাচনের দাবি মানছে না। কারণ, এই সরকার জানে বিএনপির দাবি মানলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। সে জন্য স্থানীয় সরকার নির্বাচনেও তারা কারচুপির আশ্রয় নিয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। সে জন্য তারা জনগণের জন্য কোনো কাজ করবে না। তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আরও করবে। ব্যাংক ব্যবস্থা শেষ হয়ে গেছে। সব জায়গায় একই অবস্থা।
যুক্তরাষ্ট্রের আদালতে রায় হওয়া একটি মামলার প্রসঙ্গ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, জয়ের (সজীব ওয়াজেদ জয়) বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকা সন্দেহজনক লেনদেনের যে অভিযোগ উঠেছে, সরকারের উচিত তার তদন্ত করা। কারণ, জনগণ এই টাকার উৎস সম্পর্কে জানতে চায়।
গাজীপুরের মেয়র (সাময়িকভাবে বরখাস্ত) এম এ মান্নানের মুক্তি দাবিতে ‘মান্নান মুক্তি পরিষদ’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।