ক্ষমতাচ্যুতির ভয়ে প্রধানমন্ত্রী এক চুলও নড়তে চান না: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন প্রশ্নে সংবিধান থেকে এক চুল নড়লেই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যোজন যোজন দূরে চলে যাবে। এজন্যই প্রধানমন্ত্রী এক চুলও নড়তে চান না।
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিন। জবরদস্তি করে ক্ষমতা ধরে রাখা যায় না।’
বিএনপির প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আবদুুস সালাম তালুকদার স্মৃতি সংসদ ওই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সালাম তালুকদারের স্মরণে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ভিন্নভাবে একদলীয় শাসন—বাকশাল নিয়ে আসতে চায়। সেজন্য সংবিধান সংশোধন করা হয়েছে। নির্বাচন না দিলে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য প্রধানমন্ত্রী থাকবেন। এটা সংবিধান হতে পারে না।
ফখরুল অভিযোগ করেন, সরকারের একগুঁয়েমি ও ক্ষমতা ধরে রাখার বাসনা দেশকে অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। ‘ভয়ংকর দানবীয় ফ্যাসিস্ট শক্তি’ গণতন্ত্রের গলা চেপে ধরেছে।
জনগণের দুর্বার আন্দোলনের মুখে সরকারের ক্ষমতা ধরে রাখার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অনুষ্ঠানের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, সৃজনশীল নেতৃত্ব, সততা, সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা আবদুস সালাম তালুকদারকে স্মরণীয় করে রেখেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান প্রমুখ আলোচনায় অংশ নেন।