ক্ষমতাধরদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরাই দুদকের বারান্দায় ক্ষমতাসীন সরকারের উপদেষ্টা, মন্ত্রী-এমপি ও সচিবদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে পেরেছি। যা আগের কমিশন পারেনি।’ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা সভায় এমন দাবি করেন দুদকের কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভার প্রধান অতিথি ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘বর্তমান কমিশনের সময় অনেক হাই-প্রোফাইল মন্ত্রী ও আমলাকে দুদক কার্যালয়ে হাজির করা হয়েছে; এটা সত্যি। কিন্তু শুধু হাজির করাই যথেষ্ট নয়। তাঁদের বিরুদ্ধে কার্যত কী ব্যবস্থা নেওয়া হলো, সেটাই গুরুত্বপূর্ণ।’
গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে দুদক। ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করার পর থেকে প্রতিবছর ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন করে আসছে কমিশন।
মো. সাহাবুদ্দিন বলেন, ‘সরকার বা বিরোধী দল সবাই আমাদের কাছে সমান। আমরা ব্যক্তি না দেখে ব্যক্তির অপরাধ দেখি।’ গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, আমরা নাকি সরকারি দলকে অব্যাহতি দিই। আমরা তো বিএনপি চেয়ারপারসনকেও (খালেদা জিয়া) ভৈরব সেতুর দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছি। এগুলো মিডিয়ায় ফলাও করে প্রচার হয় না।’
গোলাম সারওয়ার বলেন, ‘দুর্নীতিতে রাজা-মহারাজা খ্যাত অনেক দুর্নীতিবাজ দুদক থেকে ছাড় পেয়ে যাচ্ছেন। আমরা এ-ও জানি যে তথ্য-প্রমাণ ছাড়া দুদকেরও কিছু করার নেই। তবে সর্বজনস্বীকৃত দুর্নীতিবাজেরা ছাড়া পেলে মানুষের মাঝে দুদক সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হয়।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘দুদকের সমালোচনা হচ্ছে, হবেই। এর মানে দুদক কাজ করছে। আর কাজ করলে সমালোচনা হবে। তবে সব মিডিয়াকে বলব, আপনারা গঠনমূলক সমালোচনা করুন।’
এর আগে সকালে সেগুনবাগিচায় কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।