ক্ষমতায় নেই বলে খালেদা জিয়ার মামলা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, দেশে ক্ষমতাসীন ও বিরোধী দলের জন্য দুই ধরনের আইন চলছে। ক্ষমতায় আছেন বলেই প্রধানমন্ত্রীর নামে থাকা নাইকো দুর্নীতির মামলা বাতিল হয়েছে। ক্ষমতায় নেই বলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
বিএনপির মুখপাত্র বলেন, দেশে আইন এক যাত্রায় দুভাবে চলছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য এক ধরনের আইন, বিএনপির নেতা-কর্মীদের জন্য আরেক ধরনের আইন। কিন্তু আইন সবার জন্য সমান হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মামলার ধীরগতির উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার মামলাগুলো দ্রুত চালানো হচ্ছে।
আসাদুজ্জামান বলেন, তাঁরা আশা করেন, দেশে সবার জন্য একই ধরনের বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
জন্মদিন ব্যক্তিগত বিষয়: ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন থেকে বিরত থাকতে আওয়ামী লীগের নেতাদের আহ্বানের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, ‘জন্মদিন পালন ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া কখনো নিজে থেকে জন্মদিন পালন করেননি। এটা নেতা-কর্মীদের আবেগের ব্যাপার।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একটি বক্তব্যের উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, তাঁরাও জাতীয় ঐক্য চান। কিন্তু জিয়াউর রহমানের অবদানকে খাটো করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব হবে না।
সম্প্রতি সৈয়দ আশরাফ বলেছেন, ‘সমাজে, রাষ্ট্রে যাঁর যা প্রাপ্য তাঁকে সেভাবেই সম্মান দেখানো উচিত। আমরা জাতীয় ঐক্য চাই। রাজনৈতিক বিতর্কগুলো অবসান হওয়া উচিত।’