ক্ষমতার অপব্যবহার করব না: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র হিসেবে ক্ষমতার অপব্যবহার করবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, মেয়র হিসেবে শপথ নেওয়ার পরপরই তিনি সর্বস্তরের নাগরিকদের নিয়ে সংলাপ করে তাঁদের মতামতের ভিত্তিতে কাজ শুরু করবেন। তিনি বিরোধীদের নিরাপদে রাখবেন বলে জানিয়েছেন।
গতকাল বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন এসব কথা বলেন। তাঁকে নির্বাচিত করায় তিনি ঢাকার ভোটার, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত মঙ্গলবার এই নির্বাচন হয়। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে প্রায় আড়াই লাখ ভোট বেশি পেয়েছেন। অবশ্য ভোট গ্রহণ শুরুর প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল।
সাঈদ খোকন বলেন, ‘এই নির্বাচনে একটা সৌহার্দ্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আমার বাসাকে নিরাপদ মনে করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর স্ত্রী গিয়েছেন, নামাজ পড়েছেন। আমার পরিবারের পক্ষ থেকে তাঁকে আপ্যায়ন করা হয়েছে। আমি কথা দিচ্ছি, আমার প্রতিদ্বন্দ্বী সব পর্যায়ের নেতা-কর্মী আমার হাতে নিরাপদ থাকবেন। মেয়র হিসেবে ক্ষমতার অপব্যবহার করব না। সর্বস্তরের নাগরিকদের নিয়ে ঢাকা ডায়ালগ করব। এর পরেই তাঁদের মতামতের ভিত্তিতে কাজ শুরু করব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা শহরের যানজট নিরসন তাঁর প্রথম কাজ হবে বলে জানান নবনির্বাচিত এই মেয়র।
নির্বাচনে জাল ভোট ও অনিয়মের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘এ ধরনের দু-চারটা ঘটনা ঘটেছে। বৃহত্তর পরিসরে তা খুবই সামান্য ঘটনা।’ তাঁর বাবা মোহাম্মদ হানিফ ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র।
সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাঈদ খোকনের নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়ক আবদুর রাজ্জাক, সাংসদ মৃণাল কান্তি দাস, ফজলে নূর তাপস, হাজি মো. সেলিম, নাহিম রাজ্জাক, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।