‘ইতিহাস কোনো ক্ষমতাবান ব্যক্তির গুণকীর্তন করা নয়। ইতিহাসে মানুষের প্রেম-ভালোবাসা, দুঃখ-দুর্দশার বিষয় থাকতে হবে। ক্ষমতা, সম্পদ ও অহংকারের কাছে থেকে কখনো সঠিক ইতিহাস লেখা বা ইতিহাসের সংকট দূর করা যায় না। এ সংকট দূর করতে হলে সবার মানুষের কাছে যেতে হবে।’মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) উদ্যোগে দুই দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী দিনে গতকাল শুক্রবার বক্তারা এসব কথা বলেন।‘মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা ও বাংলাদেশের অর্জন’ বিষয়কে প্রতিপাদ্য করে গতকাল সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেমিনার শুরু হয়; প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বস্ত্র ও পাটবিষয়কমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক এম নূরুল্লাহ। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইবিএসের পরিচালক এম মাহবুবর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক রবিন পাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক এ এম দেলোয়ার হোসেন।মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, যে ইতিহাসে মানুষ নেই, সে ইতিহাসে ইতিহাসের নায়ককে খুঁজে পাওয়া যায় না। তিনি ক্ষমতা, সম্পদ আর অহংকারের কাছে না গিয়ে মানুষের কাছে গিয়ে সবাইকে ইতিহাস রচনা করার আহ্বান জানান। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধের গৌরব পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টকেও ছাড়িয়ে যাবে। ব্যক্তিস্বার্থ, ব্যক্তিতুষ্টি ও দলীয় স্বার্থ উদ্ধার করতে গিয়েই দেশের এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর এ অবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে প্রকৃতপক্ষে কোনো মুক্তি মিলবে না।’দুই দিনব্যাপী এ সেমিনারের দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তি মুক্তিযুদ্ধভিত্তিক ৭২টি প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে।আইবিএসের পরিচালক অধ্যাপক এম মাহবুবর রহমান সাংবাদিকদের জানান, সেমিনারে উত্থাপিত এসব প্রবন্ধ ও স্মৃতিকথা পরবর্তী সময়ে গ্রন্থাকারে প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।