ক্ষমতার দাপটে অধ্যক্ষের পদে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী ডিগ্রি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের নয় বছর পর আবার ওই পদে বসেছেন সুভাষ সরদার। অভিযোগ উঠেছে, তাঁর চাচা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রণজিত্ সরদারের ক্ষমতার প্রভাবে আদালতের রায় অমান্য করে তিনি ওই পদ দখল করেছেন। কলেজ সূত্রে জানা গেছে, শোভনা ইউনিয়নের মাদারতলা গ্রামে মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পর সভাপতি হন রণজিত্ সরদার। তাঁর ভাইপো সুভাষ সরদার হন অধ্যক্ষ। অর্থ আত্মসাতের অভিযোগের মুখে ২০০১ সালের ২২ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। পরিচালনা কমিটি ২০০২ সালের ৬ নভেম্বর অপূর্ব বৈদ্যকে অধ্যক্ষ নিয়োগ দেয়। কিন্তু বিভিন্ন অভিযোগে ২০০৮ সালের ১১ মার্চ অপূর্ব বৈদ্যকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় দেবেন্দ্রনাথ রায়কে। কিন্তু ওই বরখাস্তের বিরুদ্ধে খুলনা জেলা জজ আদালতে মামলা করেন অধ্যক্ষ অপূর্ব বৈদ্য। আদালত বরখাস্ত আদেশের ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেন। দেবেন্দ্রনাথ ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। হাইকোর্ট ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি জেলা জজ কোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখেন।২০০৪ সালের ২৮ নভেম্বর খুলনা সহকারী জজ আদালতে মামলা করেন সাবেক অধ্যক্ষ সুভাষ সরদার। ২০০৯ সালের ২৫ নভেম্বর ওই মামলার রায় হয়। এতে তিনি হেরে যান। তবে ওই রায়ের বিরুদ্ধে সুভাষ সরদার জেলা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন।শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান বলেন, ‘আদালতের নির্দেশ উপেক্ষা করে রণজিত্ সরদার তাঁর ক্ষমতার দাপটে ভাইপো সুভাষকে অধ্যক্ষের পদে বসিয়ে দিয়েছেন।’ অপূর্ব বৈদ্য বলেন, ‘গায়ের জোরে সুভাষ সরদারকে অধ্যক্ষের চেয়ারে বসানো হয়েছে।’ দেবেন্দ্রনাথ রায় বলেন, ‘কলেজ পরিচালনা কমিটি ও জনগণের সিদ্ধান্তে উনি (সুভাষ) কলেজের দায়িত্ব পালন করছেন।’সুভাষ সরদার বলেন, ‘আমার পদত্যাগপত্র ও অপূর্ব বৈদ্যের নিয়োগপত্র অবৈধ ঘোষণা করে পরিচালনা কমিটি আমাকে অধ্যক্ষের দায়িত্ব দিয়েছে।’কমিটির সভাপতি রণজিত্ সরদার বলেন, ‘সুভাষের পদত্যাগপত্র ও অপূর্বর নিয়োগ কলেজ কমিটি অবৈধ ঘোষণা করায় তাঁকে (সুভাষ) অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।’ আদালতের নির্দেশের বিষয়ে তিনি বলেন, ‘মীমাংসাপত্র দিয়েছি। শিক্ষক ও এলাকাবাসীর দাবির মুখে এটা করেছি। ক্ষমতার জোরে করেছি এ কথা ঠিক নয়।’