
১১ বছর আগে বগুড়ার শেরপুরে নৃশংসভাবে খুন হয়েছিলেন সাংবাদিক দীপংকর চক্রবর্তী। কিন্তু আজ পর্যন্ত খুনিদের শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বরং তিন দফা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটি শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। প্রতিবারই আদালত না নাকচ করে দিয়ে পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন।
নিহত ব্যক্তির পরিবার ও সাংবাদিক ইউনিয়নের নেতাদের অভিযোগ, শুরু থেকেই এ মামলার তদন্তে পুলিশের গাফিলতি ছিল। এরপর তিন দফা ক্ষমতার পালাবদল হলেও এ মামলার তদন্তের ক্ষেত্রে গাফিলতির কোনো হেরফের হয়নি।
পুলিশ ও আদালত সূত্র জানায়, সর্বশেষ বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ টি এম তোফায়েল আহমেদের নির্দেশে গত বছরের ২৪ ডিসেম্বর থেকে মামলাটির তদন্ত করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলার বাদী ও দীপংকর চক্রবর্তীর ছেলে পার্থ সারথী চক্রবর্তী প্রথম আলোকে বলেন, সর্বশেষ তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান গত সোমবার বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের একজন নেতাকে সঙ্গে নিয়ে তাঁর সঙ্গে (পার্থ সারথী) দেখা করতে আসেন। এর আগে গত নয় মাসে তদন্ত কর্মকর্তা একবারও যোগাযোগ করেননি কিংবা পরিবারের সন্দেহ সম্পর্কে জানতে চাননি।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘বাদীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ওই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দু-তিনবার দেখা করে কথা বলেছি।’ গত নয় মাসে মামলার কিছুটা অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেন, ইতিমধ্যেই জেলা পূজা উদ্যাপন পরিষদ ও ভবানীপুর মন্দির কমিটির ছয়জনের জবানবন্দি (১৬১ ধারায়) নেওয়া হয়েছে। এ ছাড়া দীপংকর হত্যায় ভাড়াটে খুনি হিসেবে এলাকার শীর্ষ সন্ত্রাসীর নাম এসেছিল, তিনি ইতিমধ্যে মারা গেছেন। এখন ওই সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগীদের খোঁজা হচ্ছে। তদন্ত শেষ করতে আরও সময় লাগবে।
২০০৪ সালের ২ অক্টোবর রাতে শেরপুর উপজেলা সদরের স্যানালপাড়ায় বাসার অদূরে বগুড়ার স্থানীয় দৈনিক দুর্জয় বাংলার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি দীপংকর চক্রবর্তীকে কুপিয়ে এবং পরে গলা কেটে হত্যা করা হয়। তিনি একই সঙ্গে জেলা আওয়ামী লীগ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য এবং ভবানীপুর মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
দীপংকর চক্রবর্তীর পরিবারের সন্দেহ, পূজা উদ্যাপন কমিটির বিরোধের জেরে তাঁকে খুন করা হয়েছে। তাঁর ছোট ছেলে অনিরুদ্ধ চক্রবর্তী বলেন, ঘটনার পরপর পূজা উদ্যাপন পরিষদের কয়েকজন নেতাকে আটক করা হয়েছিল। কিন্তু সন্দেহের তালিকার শীর্ষে থাকা পূজা উদ্যাপন পরিষদের প্রভাবশালী একজন নেতাকে জিজ্ঞাসাবাদের কোনো উদ্যোগ নেয়নি তৎকালীন শেরপুর থানার ওসি; বরং প্রভাবশালীদের চাপে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন অনিরুদ্ধ।
দীপংকর হত্যার পরদিনই তাঁর ছেলে পার্থ সারথী বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলাটি প্রথমে ওই থানার এসআই সাজাহান পাশা, তারপর শেরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম তদন্ত করেন। এরপর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। প্রায় পাঁচ বছর পর ২০০৭ সালের ২৬ নভেম্বর তদন্ত কর্মকর্তা সিআইডির বগুড়া অঞ্চলের এসআই শাহীন আকন্দ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। তাতে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় সন্দেহভাজন আসামিদের অব্যাহতি দেওয়ারও সুপারিশ করেন তিনি।
এর বিরুদ্ধে বাদী পার্থ সারথী চক্রবর্তী নারাজি আবেদন করলে আদালত চূড়ান্ত প্রতিবেদন নাকচ করে মামলাটি পুনঃ তদন্তের জন্য শেরপুর থানা-পুলিশকে নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা শেরপুর থানার তৎকালীন এসআই (বর্তমানে বগুড়ায় ডিবির ওসি) আমিরুল ইসলাম মামলাটি প্রমাণ করতে না পেরে ২০১২ সালের ১১ জুলাই আবার আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। বাদী আবারও নারাজি আবেদন করলে আদালত তা আমলে নেন এবং সিআইডিকে দিয়ে পুনঃ তদন্তের নির্দেশ দেন। সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুস সামাদ পূর্বতন তদন্ত কর্মকর্তাদের অনুসরণ করেন। তিনি ২০১৩ সালের ১৩ জুলাই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। আবারও বাদী নারাজি আবেদন করলে আদালত পুনঃ তদন্তের নির্দেশ দেন এবং এ দফায় তদন্তভার ন্যস্ত হয় ডিবির ওপর।
বাদী পার্থ সারথী প্রথম আলোকে বলেন, ঘটনার সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নতুন জেলা কমিটি গঠন নিয়ে দুটি পক্ষ তৈরি হয়। এক পক্ষে ছিলেন কল্যাণ প্রসাদ পোদ্দার, অমৃত লাল সাহা ও দীপংকর চক্রবর্তী। অন্য পক্ষে ছিলেন পরিমল কুমার সিংহ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, স্বপন কুমার সিংহসহ অন্যরা। সভাপতি পদে কল্যাণ প্রসাদ পোদ্দারের পক্ষে ছিলেন দীপংকর। হত্যাকাণ্ডের কয়েক দিন আগে পূজা উদ্যাপন কমিটির সমঝোতা বৈঠকে দীপংকরের ওপর চড়াও হয়েছিলেন অন্য পক্ষের কয়েকজন নেতা।
মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা মজিবর রহমান বলেন, হত্যাকাণ্ডের পর ভবানীপুর মন্দিরের ভক্ত ষষ্ঠী ঠাকুর, জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতা পরিমল কুমার সিংহের আস্থাভাজন স্বপন কুমার সিংহ, জাল টাকার কারবারি মেহের উদ্দীন ও বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
তবে পার্থ সারথীর অভিযোগ, তখন ষষ্ঠী ঠাকুর ছাড়া কাউকেই জিজ্ঞাসাবাদ করা হয়নি।
প্রতিবাদ কর্মসূচি: দীপংকর চক্রবর্তীর খুনিদের গ্রেপ্তার এবং হত্যার বিচার দাবিতে গতকাল শুক্রবার সকালে বগুড়ায় শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকেরা। তাঁরা ১১ বছরেও এ হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশি ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেন।
বগুড়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ‘দীপংকর হত্যা মামলা তদন্তের নামে ১১ বছরে নানা চক্রান্তের খেলা খেলেছে পুলিশ। কখনো ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা নাটক সাজিয়েছে, কখনো খুনিদের আড়াল করতে তদন্ত কর্মকর্তারা নানা অপতৎপরতা চালিয়েছেন। দায়সারা গোছের তদন্তের নামে সময়ক্ষেপণ করা হয়েছে।
সাংবাদিক নেতারা ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করেছেন—এমন কোনো অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কর্মকর্তাকে দিয়ে দীপংকর হত্যা মামলার তদন্ত করানোর দাবি জানান।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ এম আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবাদিক নেতা প্রদীপ ভট্টাচার্য, জি এম সজল, জে এম রউফ, আমজাদ হোসেন প্রমুখ।
একই দিন বগুড়ার শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শেরপুর প্রেসক্লাব। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক দীপংকরের স্ত্রী অঞ্জনা চক্রবর্তী। তিনি পুরোটা সময় কেবল কেঁদেছেন। এ ছাড়া ছাত্র-শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও ব্যবসায়ীরাও যোগ দেন।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম, শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ফিরোজ আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান প্রমুখ।