ক্ষমতার প্রয়োগ নেই, হাত গুটিয়ে ইসি

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং ভোট জালিয়াতি রোধে সংবিধান ও আইন নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতা দিয়েছে। কিন্তু কমিশন তা প্রয়োগ করছে না। উল্টো কমিশন বলছে, তাদের ক্ষমতা সীমিত, সব ক্ষমতা তাদেরই নিয়োগ দেওয়া রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে।
নির্বাচন কমিশন সচিবালয়ের অনেক কর্মকর্তা মনে করেন, নির্বাচন কমিশনের এমন মনোভাব বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ভোটকেন্দ্র দখলকারীদের আরও উৎসাহিত করছে। গত কয়েক বছরে কোনো নির্বাচনে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। এখন ঘটছে, অথচ কমিশন হাত গুটিয়ে বসে আছে।
জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবিধান এবং আইন নির্বাচন কমিশনকে অনেক ক্ষমতা দিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার জন্য রিটার্নিং বা প্রিসাইডিং কর্মকর্তার পরামর্শের জন্য অপেক্ষার প্রয়োজন নেই। যেকোনো মাধ্যম থেকে খবর পেয়ে প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগের এখতিয়ার কমিশনের আছে। এখন কমিশন যদি বলে থাকে, তাদের কোনো ক্ষমতা নেই, সেটা সঠিক নয়। ক্ষমতা আছে, তারা প্রয়োগ না করতে চাইলে সেটা ভিন্ন কথা।
সংবিধানের ১১৯ অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশন সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা ছাড়াও সংবিধান ও আইনের মাধ্যমে অতিরিক্ত যা যা দায়িত্ব নির্ধারিত হবে, তা-ই করবে।
আলতাফ হোসেন বনাম আবুল কাশেমের মামলার (ডিএলআর-৪৫, ১৯৯৩) রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করণীয়, তার সবই করতে পারবে। এমনকি নির্বাচনী আইন ও বিধিবিধানের সঙ্গে সংযোজন করে বিধান তৈরি করতে পারবে। আফজাল হোসেন বনাম প্রধান নির্বাচন কমিশনারের (ডিএলআর-৪৫, ১৯৯৩) মামলার রায়েও সুপ্রিম কোর্ট একই মত দিয়েছিলেন।
গত বৃহস্পতিবার দেশের ৫২ জেলার ১১৫টি উপজেলায় ভোট গ্রহণ হয়। এতে ২৬ জেলার শতাধিক ভোটকেন্দ্রে জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারা, বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নোয়াখালী সদর উপজেলার নির্বাচন স্থগিত রাখা হয়। এই জেলার সোনাইমুড়ীতে সহিংসতায় একজন নিহত হয়েছেন। তবে প্রথম ধাপের ভোট গ্রহণে এত বেশি গোলযোগ ছিল না।
এমন হানাহানি ও ভোট জালিয়াতির বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন শুধু ৩৪টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দায়িত্ব শেষ করেছে। এগুলো হলো বরিশাল সদরের ১১টি, সিরাজগঞ্জের তাড়াশের একটি, ফেনী সদরের দুটি, ঢাকার সাভারের দুটি, কেরানীগঞ্জের একটি, নোয়াখালীর সোনাইমুড়ীর তিনটি, চাঁদপুরের ফরিদগঞ্জের ছয়টি, কুমিল্লার লাকসামের দুটি ও মনোহরগঞ্জের একটি, বাগেরহাটের ফকিরহাটের একটি, জামালপুরের বকশীগঞ্জের একটি ও মেলান্দহের দুটি এবং সিলেটের বালাগঞ্জের একটি কেন্দ্র। কমিশন গোলযোগ নিয়ন্ত্রণে সরাসরি কোনো ব্যবস্থা না নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের ওপর ছেড়ে দিয়েছে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য বিশেষ ব্যবস্থা নিতে ভোটের আগেই অনেক প্রার্থী কমিশনে আবেদন করেছিলেন। কিন্তু কমিশন সেসব আবেদন আমলে নেয়নি।
এর আগে শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মাঠ পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক খোঁজ নিতে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিল। তখন নিজস্ব পর্যবেক্ষকদের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ভোট গ্রহণ স্থগিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কমিশন থেকে সরাসরি নির্দেশনা যেত।
আগের কমিশন স্থানীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করত নিজস্ব কর্মকর্তাদের। এবার ছয় ধাপে ভোট গ্রহণ হওয়ায় কমিশনের জন্য সেই সুযোগ আরও বেশি ছিল। কিন্তু কমিশন তা না করে সরকারের ওপর পুরোপুরি ভরসা করেছে। গতকাল ছুটির দিন হওয়ায় নির্বাচন কমিশনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে সাবেক সিইসি বলেন, প্রশাসনের কর্মকর্তারা অনেক ক্ষেত্রে সরকারের নির্দেশে কাজ করেন। সে জন্য তাঁদের সময়ে নিজস্ব পর্যবেক্ষক নিয়োগের মাধ্যমে তথ্য সংগ্রহ করে কমিশন সরাসরি ব্যবস্থা নিত।
বৃহস্পতিবার ভোটের দিন বিকেলে কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের সর্বেসর্বা রিটার্নিং ও প্রিসাইডিং কর্মকর্তা। কোনো ধরনের অনিয়ম ঘটলে তাঁরাই ক্ষমতা প্রয়োগ করবেন। কমিশনের কিছু করার নেই।
তার আগে ১৯ ফেব্রুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা আইন মোতাবেক কাজ করবেন। কারও অভিযোগ থাকলে তা রিটার্নিং কর্মকর্তাদের জানাতে হবে।
দ্বিতীয় দফায় ১১৫ উপজেলায় ভোট
সংঘর্ষ, মৃত্যু, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে উপজেলা নির্বাচনে
জামায়াত ৮
জাপা ১
অন্যান্য ৮
স্থগিত ৪
আওয়ামী লীগ ৪৪
বিএনপি ৫০
ভোট পড়েছে ৬২.১৯%
প্রথম দফায় ৯৭ উপজেলায় ভোট
বিএনপি ৪৪
আওয়ামী লীগ ৩৪
জামায়াত ১২
জাতীয় পার্টি ১
অন্যান্য ৬
ভোট পড়েছে
৬২.৪%