ভারতীয় বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী কুলদীপ নায়ার বলেছেন, দক্ষিণ এশিয়ার অগণিত মানুষ ক্ষমতার বিকেন্দ্রীকরণ চায়। তাদের সম্পৃক্ত করেই বিকেন্দ্রীকরণের পথে এগিয়ে যেতে হবে। কারণ, বিকেন্দ্রীকরণের মূল লক্ষ্য হচ্ছে, নায্যতা ও সমতা প্রতিষ্ঠা করা।‘কার্যকর উন্নয়ন: বিকেন্দ্রীকরণ ও দক্ষিণ এশিয়ার স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনা সভায় কুলদীপ নায়ার এসব কথা বলেন। দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের অংশ হিসেবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ওই সভা হয়।বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আখতার হোসেন। তিনি বলেন, সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সরকারকে প্রশাসন, রাজনীতি ও বাজারের মধ্যে একটি সমন্বিত বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন করতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, স্থানীয় সরকারব্যবস্থায় বিকেন্দ্রীকরণের পাশাপাশি প্রশাসনকে আরও গণমুখী ও কল্যাণকর করতে হবে।সমাপনী বক্তব্যে বিচারপতি গোলাম রাব্বানী ঔপনিবেশিক সরকারব্যবস্থার কাঠামো থেকে বেরিয়ে এসে দেশের সংবিধানের আলোকে উন্নয়নধর্মী সরকারব্যবস্থা প্রণয়নের কথা বলেন।আলোচনায় আরও অংশ নেন ভূমি মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম মোজাম্মেল হক, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী, ভারতের কৌস্তাভ কান্তি বন্দ্যোপাধ্যায়, সাংসদ আসফিয়া আশরাফি পাপিয়া প্রমুখ।