ক্ষমতার বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কোনো দেশই আত্মনির্ভরশীলতা ছাড়া উন্নতি করতে পারে না। গতকাল রোববার সকালে প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকদের (প্রকৃচি) কেন্দ্রীয় সমন্বয় পরিষদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, এ ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা রাজধানীকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাস করি না। কারণ, এর মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। এ জন্য আমরা ক্ষমতা গ্রামপর্যায় পর্যন্ত বিস্তৃত করতে চাই।’দেশের টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের সব স্তর পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে যথাযথ পরিকল্পনার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর উন্নয়ন করতে হবে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রকৃচির সভাপতি নূরুল হুদা, মহাসচিব এ এফ এম বাহাউদ্দিন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক আবদুস সবুর, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি নিতিশ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব শরফুদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সরকার ঘোষিত রূপকল্প-২০১২-এর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর উদ্দেশ্য স্বাধীনতাকে অর্থবহ করে তোলা এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এবং ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করা।