ক্ষমতার রাজনীতির দাবা খেলায় হেরে গেছে বিএনপি: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, ক্ষমতার রাজনীতির দাবা খেলায় হেরে গেছে বিএনপি। দলটি এখন অভিযোগ আর নালিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাঁর দাবি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের ভূমিকা গৌণ ও অকার্যকর করে ফেলছে। গতকাল শুক্রবার নোয়াখালীর মাইজদীর অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্‌যাপন ও প্রাক্তন ছাত্র পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়াতে কিছু ভুলত্রুটি হচ্ছে। ভবিষ্যতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামীতে যাতে ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হয়, সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়, সেদিকে খেয়াল রাখা হবে।  সেতুমন্ত্রী বলেন, মনোনয়ন-বাণিজ্যের কিছু অভিযোগ তিনি পেয়েছেন। যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা সুনির্দিষ্ট করে কারও নাম বলতে পারেননি। তার পরও এ নিয়ে কেন্দ্রীয়ভাবে আলোচনা চলছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব অভিযোগ তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। মনোনয়ন-বাণিজ্যের সঙ্গে কারও জড়িত থাকার অভিযোগের সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাছের চৌধুরী। আরও বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান, ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন প্রমুখ।