জামায়াতে ইসলামী দাবি করেছে, দেশের ৯০ ভাগ মানুষ, এমনকি আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে। শুধু একগুঁয়েমি ও ক্ষমতালিপ্সার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় নির্বাচন চান।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করেন। বিবৃতিতে প্রধানমন্ত্রীকে স্বপদে বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দুনিয়ার ইতিহাসে সংসদ ও মন্ত্রিসভা বহাল রেখে সংসদ নির্বাচন করার নজির নেই। একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অসাংবিধানিক।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ক্ষমতার লিপ্সা ও জেদের বশে যদি একতরফা নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করা হয়, তাহলে দেশে যে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হবে, তার দায়দায়িত্ব বর্তমান সরকারকেই বহন করতে হবে।