ক্ষমতার লোভে বিরোধী দলীয় নেতা পাগল হয়ে গেছেন: পাটমন্ত্রী
পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ক্ষমতার লোভে পাগল হয়ে গেছেন। উনি আমেরিকাকে বলেছেন, ‘তোমরা জিএসপি বন্ধ কর।’ পদ্মা সেতুর ঋণ বাতিল করিয়েও বাংলার মানুষকে শেখ হাসিনার বিরুদ্ধে না নিতে পারায় তিনি এসব কথা বলছেন। ‘আমি পরিষ্কার করে বলতে চাই, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়।’ গতকাল মঙ্গলবার দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলে অংশ নেওয়ার পর স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন পাটমন্ত্রী। এর আগে মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাওছারের নেতৃত্বে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানায়। এ সময় শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, সাংসদ বি এম মোজামেঞ্চল হক ও ফরিদুন্নাহার, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহামঞ্চদ আবদুল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।