ক্ষমতাসীন দল সমর্থক প্রার্থীদের হুমকি!
নরসিংদীর শিবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীনদের দাপটে সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে বিএনপির প্রার্থীসহ ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। আগামী ৪ জুন উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন হবে।সাতটি ইউনিয়নের মধ্যে সাধারচর ইউনিয়নের কেন্দ্রগুলোকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে স্থানীয় প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। স্থানীয় সাংসদ জহিরুল হকের বাড়ি এই ইউনিয়নে। পাশাপাশি চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।১৯ মে রাতে প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুর্শেদ আহমেদের বড় ছেলে মাসুদুর রহমান (৪০) ও প্রচারের কাজে অংশ নেওয়া তাঁর বন্ধু মোশারফ হোসেন (৩৫)।চেয়ারম্যান পদপ্রার্থী ও সাধারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুর্শেদ আহমেদ বলেন, ‘ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থীর লোকজন আমাদের সমর্থকদের হুমকি-ধামকি দিচ্ছে। তাঁদের লোক মারফত জানতে পেরেছি, সৈয়দের খোলা কেন্দ্রে নাকি সেলিম ভূঁইয়ার সমর্থকদের ভোট ছাড়া অন্য কোনো প্রার্থীর ভোট পড়বে না।’তবে অভিযোগ অস্বীকার করে সেলিম ভূঁইয়া বলেন, ‘এগুলো মিথ্যা। নির্বাচনের আগে আমার বিরুদ্ধে কিছু লোক কুৎসা রটনায় উঠেপড়ে লেগেছে।’যোশর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত রাসেল আহমেদের পক্ষের লোকজন আমার সমর্থকদের মোবাইল ফোনে বিভিন্ন প্রকার হুমকি দেয়। স্থানীয় সাংসদ আমার স্ত্রী শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফিরোজা ইয়াসমিন ডেইজির মোবাইলে ফোন করে আমার নির্বাচনের প্রচারণা থেকে বিরত থাকতে বলেন।’রাসেল আহমেদ নিজেকে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী দাবি করে বলেন, ‘গত ইউপি নির্বাচনে মান্নান ভূঁইয়ার প্রভাব খাটিয়ে তোফাজ্জল কারচুপির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। সে সবাইকে তার মতো মনে করে। আর আমি কাউকে হুমকি দিই নাই।’শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি ঝামেলা হতে পারে সাধারচরে। কারণ ওই এলাকায় স্থানীয় সাংসদের বাড়ি। এছাড়া সেখানে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু আমরা সব ইউনিয়নেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ক্ষমতাসীন দলের প্রার্থীদের হুমকি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় সাংসদ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘সংসদ নির্বাচনের সময় মুর্শেদ আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। ডেইজিকে উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে ইউনিয়ন পরিষদের নির্বাচনে না জড়ানোর জন্য পরামর্শ দিয়েছিলাম; এটা কোনো হুমকি নয়।’