নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কয়েক শ বিঘা ইরি-বোরো ধানের জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করে দিচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা। ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতার ছত্রছায়ায় তাঁরা এ কাজ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ৩০০ বিঘা জমির মাটি কেটে নেওয়া হয়েছে।ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গত মঙ্গলবার মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে।এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করে বলেন, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব, কাহেনা, পেচাইন ও রাউতগাঁও—এই চার মৌজার বোরো ধানের জমি থেকে একটি সন্ত্রাসী চক্র চার বছর ধরে মাটি কেটে নিচ্ছে। এই মাটি তারা স্থানীয় দুটি ইটভাটা, এফআরআর অটোব্রিক্স ও এসবিএফ ব্রিকফিল্ডে বিক্রি করে দিচ্ছে। এই চক্রকে প্রশ্র্রয় দিচ্ছেন ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি।গত বছর এলাকাবাসী সন্ত্রাসীদের ওই তৎপরতা ঠেকাতে একাধিকবার মহাসড়ক অবরোধ করে। প্রশাসনের কর্তাব্যক্তিদের কাছে জমা দেয় স্মারকলিপি। কিন্তু এগুলো কোনো কাজে আসেনি। প্রশাসন যথারীতি নির্বিকার।সিংলাব গ্রামের কৃষক আবদুল জলিল ও মতিন মিয়া বলেন, সন্ত্রাসীরা এ পর্যন্ত প্রায় ৩০০ বিঘা জমির মাটি কেটে বিক্রি করে দিয়েছে। এভাবে মাটি কেটে নেওয়ায় ফসলি জমিগুলোর কোনো কোনোটি জলাশয়ে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে এসব জমিতে আর ফসল ফলানো যাচ্ছে না। চলতি বছরেও চক্রটি মাটি কেটে নেওয়া শুরু করেছে। নিরীহ কৃষকেরা এতে বাধা দেওয়ায় তাঁদের কয়েকজনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।পেচাইন গ্রামের কৃষক আবদুল আলী, জয়ব মিয়া ও আলী আকবর জানান, মাটিকাটা যন্ত্রের (বেকুর) সাহায্যে সন্ত্রাসীরা মাটি কেটে নেয়। গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, দুর্বৃত্ত চক্রের নেতৃত্ব দিচ্ছেন পাকুন্দা গ্রামের এনায়েত কবির, শিপলু শিকদার, সাগর চৌধুরী, শরীফ দেওয়ান, আবদুর রহমান, জাকির হোসেনসহ আরও কয়েকজন। প্রায় ৪০ জনের এই চক্রের সবাই আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে জড়িত।অভিযোগ প্রসঙ্গে শিপলু শিকদার, এনায়েত কবির ও সাগর চৌধুরী বলেন, মূল্য দিয়ে কৃষকদের জমির মাটি কেটে নেওয়া হয়। কিছু লোক বেশি মূল্যের জন্য তাঁদের বিরুদ্ধে আন্দোলন করছে।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া জানান, কৃষকদের মাটি কেটে নেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন বলেন, অভিযোগের সত্যতা পেয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।