গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোলট্রি খাদ্য কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্ষমতাসীন দলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কারখানা সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে সিপি বাংলাদেশ লিমিটেড নামে পোলট্রি খাদ্য তৈরির বড় একটি কারখানা রয়েছে। কারখানাটিতে আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও তাঁর আত্মীয় আজিবুর পরিত্যক্ত মালামালের ব্যবসা করে আসছিলেন। গত বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলা যুবলীগের আহ্বায়ক হিরু মিয়া ও উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতুসহ কয়েকজন নেতা-কর্মী ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান। এ সময় আবুল হোসেনের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
আবুল হোসেন নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং তাঁদের দেখে নেওয়ার হুমকি দেন। পরে আবুল হোসেনকে ওই কারখানায় ব্যবসা করতে নিষেধ করে নেতা-কর্মীরা চলে যান। কিন্তু গতকাল আবুল হোসেন আবার ওই কারখানায় যান। এর জের ধরে দুপুরে সাইফুজ্জামান সেতুসহ কালিয়াকৈর উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে কারখানার ফটকে অবস্থান নেন। তাঁরা আবুল হোসেনকে কারখানা থেকে বের করে দিতে বলেন। কিন্তু আবুল হোসেন বের না হওয়ায় উত্তেজিত নেতা-কর্মীরা কারখানার প্রধান ফটকে কয়েকটি ইটপাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে তাঁরা কারখানার সামনে থাকা কয়েকটি যানবাহনের কাচ ভাঙচুর করেন। আবুল হোসেনও কারখানার পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। তবে আবুল হোসেনকে মারধর করা হচ্ছে এমন খবরে তাঁর (আবুল) লোকজন লাঠিসোঁটা নিয়ে কারখানার সামনে গেলে দু্ই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আবুল হোসেনের লোকজন পিছু হটে। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। অবশ্য এর আগেই সব নেতা-কর্মী ফিরে যান।