ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে ২৭টি স্লুইসগেট দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের প্রকল্পের ২৭টি স্লুইসগেট দখল করে নিয়েছে সন্ত্রাসীরা। ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে একদল সশস্ত্র সন্ত্রাসী গত শনি ও রোববার উপজেলার রামপুর এলাকার এই স্লুইসগেটগুলো দখল করে নেয়। এ অবস্থায় ঘেরমালিক ও চিংড়িচাষিরা ঘেরে লুটপাটের আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট সূত্র ও চিংড়িচাষিরা জানান, ওই এলাকায় মত্স্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সাত হাজার নয় একর জমির বেড়িবাঁধে ২৭টি স্লুইসগেট আছে। এ স্লুইসগেট দিয়ে ১০ একর আয়তনের ৫৭০টি ও ১১ একর আয়তনের ১১৯টি ঘেরের জমিতে চিংড়ি চাষের জন্য সাগরের লবণাক্ত পানি ঢোকানো ও বের করে দেওয়া হয়। সরকারের কাছ থেকে ইজারা নিয়ে লোকজন এসব ঘেরে চিংড়ি চাষ করে। প্রত্যক্ষদর্শী চিংড়িচাষিরা জানান, গত শনিবার দুপুরে ৭০-৮০ জনের একদল সন্ত্রাসী কয়েক দলে ভাগ হয়ে ১০ একর আয়তনের ৫৭০টি ঘেরের ২০টি স্লুইসগেট দখল করে। সেখানে তারা সশস্ত্র পাহারা বসিয়েছে। চিংড়িচাষিরা আরও জানান, রোববার একইভাবে ১১ একর আয়তনের ১১৯টি ঘেরের সাতটি স্লুইসগেট দখল করে নেয়। এতে অনেক চাষি ও ঘেরের কর্মচারী ভয়ে পালিয়ে এসেছেন। পানি ঢোকানো ও বের করার সময় জাল ফেলে মাছ ধরার জন্য তারা স্লুইসগেটগুলো দখল করেছে। কয়েকজন চিংড়িচাষি ও ঘেরমালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, দখলদারেরা শাসক দলের স্থানীয় নেতা-কর্মী। এতে বাধা দেওয়ার কারও সাহস নেই। চাষিরা আরও জানান, যে দল ক্ষমতায় আসে, সেই দলের নেতা-কর্মীরা মত্স্য অধিদপ্তরে প্রভাব খাটিয়ে স্লুইসগেটগুলো নিয়ন্ত্রণে নেয়। নিয়মানুযায়ী, চিংড়িচাষিদের পাঁচ সদস্যের একটি কমিটির মাধ্যমে একটি করে স্লুইসগেট রক্ষণাবেক্ষণের বিধান আছে।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, স্লুইসগেট দখলের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। জেলা মত্স্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে এ রকম ঘটনা ঘটে থাকলে ঘের ইজারাদারেরা আইনের আশ্রয় নিতে পারেন।চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী বলেন, স্লুইসগেট দখলের ঘটনায় দলীয় কোনো সম্পৃক্ততা নেই।উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘আমিও শুনেছি, স্লুইসগেটগুলো দখল করা হয়েছে। এ ব্যাপারে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।’