ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পদ্মা থেকে বালু তুলছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলছেন। এতে হুমকির মুখে পড়েছে শহর রক্ষা বাঁধ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাঁধের ওপরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন পাকা সড়ক। আর চারটি ঘাট থেকে সিটি করপোরেশন ইজারা আদায় করছে। রাজশাহী মহনগরের মধ্যে শ্রীরামপুর, পাঠানপাড়া, তালাইমারী, পুরাতন জাহাজঘাট, ডাঁশমারী ও শ্যামপুর ঘাটে বালু তোলা চলছে। পবা উপজেলার নবগঙ্গা, বসুড়ি ও খোলাবোনা; গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ, প্রেতমলী বারোমাইল, মোল্লাপাড়া খারিজাগাঁতি ও চকপাড়া খারাজিগাতি; চারঘাটে মুক্তারপুর, অচিনতালা ও গৌড়শহরপুর; বাঘায় বেঙ্গাড়ি, মর্শিদপুর, নারায়ণপুর সড়কঘাট ও আলাইপুর ঘাট থেকে বালু তোলা হচ্ছে।রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মহানগরের ভেতরে কাঁঠালবাড়িয়া থেকে দরগাহ মাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার বাঁধের ওপর দিয়ে প্রায় নয় কোটি টাকা ব্যয়ে তাঁরা পাকা রাস্তা তৈরি করছেন। তাঁদের নির্মাণাধীন রাস্তার ওপর দিয়েই বালুর ট্রাক পার করা হচ্ছে। বাঁধের পাশেই পাউবোর সাইনবোর্ড দেওয়া রয়েছে। এতে লেখা রয়েছে, ‘ট্রাকসহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ।’ নগরের শ্রীরামপুর ঘাটে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, বাঁধের ওপর দিয়ে পানি উন্নয়ন বোর্ডের রাস্তা নির্মাণের কাজ চলছে। তার ওপর দিয়েই বালুর ট্রাক পারাপার করা হচ্ছে। বাঁধের দুই পাশের ঢালু জায়গা কেটে ট্রাক চলাচলের রাস্তা করা হয়েছে। একটু নিচে গিয়ে ঘাটের একজন কর্মচারীকে পাওয়া যায়। তিনি বলেন, তাঁদের এই ঘাট সরকারিভাবে ইজারা নেওয়া নয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইজারা বন্ধ করে দিয়েছেন। জেলা প্রশাসক এখন আর খাজনা নিচ্ছেন না। দলীয় নেতারা ওপরের সঙ্গে কথা বলে গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছে। তিনি বলেন, তাঁদের ঘাটের সঙ্গে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এফতার মিঞা রয়েছেন। তিনি বলেন, সব ঘাটের সঙ্গেই দলের কোনো না কোনো নেতা রয়েছেন। তার পরও ঘাটের জন্য সিটি করপোরেশনকে ইজারা দেওয়া হয়। সিটি করপোরেশনের সচিব আবদুস সালাম বলেন, সিটি করপোরেশনে চারটি ঘাট থেকে ইজারা আদায় করেন। তবে তাঁরা বালুর ঘাট ইজারা দেননি। এটা দেবে জেলা প্রশাসক। নগরের ভেতরের রাস্তাঘাট ব্যবহার করার জন্য তাঁরা এই ইজারা নিয়ে থাকেন। তবে পয়লা বৈশাখের পর থেকে সেই চুক্তি আর নবায়ন করা হয়নি। নগরের পুরাতন জাহাজঘাট এলাকায় গিয়ে দেখা যায়, একইভাবে সেখানে বালু তোলা হচ্ছে। এই ঘাট দেখাশোনা করছেন ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। তিনি বলেন, তাঁর সঙ্গে এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজউদ্দিনও রয়েছেন। এখানে আড়াই থেকে তিন হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। বাঁধের কোনো ক্ষতি হলে তাঁরা নিজ দায়িত্বে তা ঠিক করে দেবেন। তাঁরা ওপরের নেতাদের সঙ্গে কথা বলে বালু তোলার কাজ চালু রেখেছেন। ডাঁশমারী এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার ঘাটটি তদারক করছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরীফুল ইসলাম। তিনি বলেন, তাঁর সঙ্গে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১২ সেপ্টেম্বর রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে বালু উত্তোলনকারীদের উদ্দেশে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১১ ধারা মোতাবেক ইজারা গ্রহণ ব্যতীত বালু উত্তোলন, পরিবহন, বিপণন ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, পুরাতন জাহাজঘাট এলাকায় বাঁধের ক্ষতি করে বালু তোলার কারণে তাঁরা কয়েক দিন আগে নগরের মতিহার থানায় একটি এফআইআর করেছেন।