ক্ষমতাসীন দলের নেতাদের নিয়ন্ত্রণে সুনামগঞ্জে মৎস্যজীবীদের জলমহাল
সুনামগঞ্জে মৎস্যজীবীদের নামে হাওরের জলমহালগুলো ভোগদখল ও নিয়ন্ত্রণ করছেন ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী নেতারা। জেলেদের সমিতির নামে এসব জলমহাল ইজারা হলেও তাঁরা উপকৃত হচ্ছেন না। সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেসব মৎস্যজীবী সমিতির নামে জলমহাল ইজারা দেওয়া হয় তাতে স্থানীয় সাংসদের সুপারিশ থাকে। তাই শেষ পর্যন্ত এগুলো আর প্রকৃত মৎস্যজীবীদের হাতে থাকে না।’খোঁজ নিয়ে জানা গেছে, জেলার জামালগঞ্জ, তাহিরপুর ও ধরমপাশা—এই তিন উপজেলায় অন্তত ১০টি জলমহাল ক্ষমতাসীন দলের নেতারা নিয়ন্ত্রণ করছেন। জামালগঞ্জ উপজেলার চাতিধরা জলমহালটি দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন স্থানীয় প্রভাবশালী শামসুল আলম তালুকদার ওরফে ঝুনু মিয়া। গত ১০ ডিসেম্বর তাঁর উপস্থিতিতেই এই জলমহালে দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও গুলির ঘটনা ঘটে। তবে ঝুনু মিয়া বলেন, তিনি বৈধভাবেই এই জলমহাল ভোগদখল করছেন। উপজেলার দিরাই-ছাতল জলমহালটি সোনাপুর মৎস্যজীবী সমিতির নামে ইজারা নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের উপজেলা সভাপতি মিসবাহ উদ্দিন এবং আইলাছাগাইয়া জলমহালটি বাহ্মণগাঁও সমিতির নামে স্থানীয় যুবলীগনেতা আবদুল লতিফ নাজেল নিয়ন্ত্রণ করছেন। গত ২৯ অক্টোবর তাঁর নিয়ন্ত্রণাধীন ধরমপাশা উপজেলার নাইন্দাবাইন্দা জলমহালে এক জেলে মাছ ধরতে গেলে তাঁকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় নাজেলকে প্রধান আসামি করা হয়েছে। নাজেল আইলাছাগাইয়া জলমহালটির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বলেন, ‘নাইন্দাবাইন্দা বিলের ওই হত্যাকাণ্ডের সঙ্গে আমাকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে।’ উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন বলেন, তাঁরা সরকারকে রাজস্ব দিয়েই দিরাই-ছাতল জলমহালে মাছ ধরছেন। তাহিরপুর উপজেলার শনিরহাওর জলমহালটি স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান দীনেশচন্দ্র তালুকদার ও ঝুনু মিয়া, মাটিয়ান হাওর জলমহাল আওয়ামী লীগের নেতা আবদুল জলিল তালুকদার, কানামইয়া জলমহাল উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক হাফিজ উদ্দিনের নেতৃত্বে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ধরমপাশা উপজেলার দুটি বড় জলমহাল কাউনাই ও কালাপানি নিয়ন্ত্রণ করছেন স্থানীয় সরকারদলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত যুবলীগনেতা শামীম আহমেদ। শামীম আহমেদ বলেন, ‘আমরা প্রকাশ্যে খাস আদায়ের জন্য দুটি সমিতির নামে জলমহালগুলো নিয়েছি। আমরা সরকারকে রাজস্ব দিয়ে খাচ্ছি।’জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ইনছানপুর গ্রামের জেলে জামাল উদ্দিন (৪০), গোলাপ মিয়া (৫০), সামসুদ্দিন (৩৯) বলেন, ‘এসব জলমহাল ইজারা নেওয়ার ক্ষমতা ও সামর্থ্য সাধারণ জেলেদের নেই। এ জন্য অনেক টাকা লাগে। আর যারা বিল ইজারা নেয় তারা প্রভাবশালী। তারা বিলের ভাসানপানিতে (বিলের বাইরের অংশ) পর্যন্ত আমাদের মাছ ধরতে দেয় না।’ জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহমান মিজান বলেন, ‘যে সরকার যখন ক্ষমতায় থাকে তাদের লোকজনই হাওরের জলমহাল নিয়ন্ত্রণ করে। সাধারণ মৎস্যজীবীরা কখনোই উপকৃত হয় না। অথচ সবকিছুই হয় তাদের নামে।’সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, ‘প্রশাসন প্রকৃত মৎস্যজীবী সমিতিকেই জলমহাল ইজারা দেয়। বাস্তবতা হলো, জলমহাল ব্যবস্থাপনার মতো আর্থিকসহ যে সামর্থ্য থাকার কথা সেটি মৎস্যজীবীদের নেই। তারাই একসময় প্রভাবশালী লোকজনকে এর সঙ্গে যুক্ত করে নেয়।’এ ব্যাপারে সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) সরকারদলীয় সাংসদ মোয়াজ্জেম হোসন রতন প্রথম আলোকে বলেন, ‘আমরা সুপারিশ করলেই প্রশাসনকে ওই সমিতির নামে জলমহাল ইজারা দিতে হবে এমন কোনো কথা নেই। ইজারা হবে নীতিমালা অনুযায়ী। আমি জানি না, জেলেরা হয়তো একসময় তাদের প্রয়োজনেই অন্যদের যুক্ত করে। তবে আমি প্রশাসনকে পরিষ্কার বলে দিয়েছি, জলমহাল নিয়ে যারা ঝামেলা করে তারা আমার দলের হলেও তাদের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’