ক্ষমতাসীন দলের প্রার্থীর প্রচারণায় হামলা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারি অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (চারঘাট-বাঘা) আসনে সরকারদলীয় প্রার্থীর সভা-সমাবেশসহ প্রচার-প্রচারণায় প্রায়ই হামলার ঘটনা ঘটছে। এতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষ উদ্বেগের মধ্যে রয়েছে।
এ আসনে এবার বিরোধী দল নেই। সরকারি দলের প্রার্থী বর্তমান সাংসদ শাহরিয়ার আলমের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ রায়হানুল হক। এর আগে ২০০০ সালের একটি উপনির্বাচনে রায়হানুল প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচিত হন। এবারও তাঁর একই প্রতীক।
এলাকার অনেকে ও দলীয় সূত্রে জানা গেছে, ওই আসনে একের পর এক বিশেষ করে সরকারি দলের প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণায় হামলার ঘটনা চলছেই।
চারঘাটের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা নির্বাচন নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। নির্বাচনের আগেই যেভাবে একের পর এক হামলার ঘটনা ঘটছে, নির্বাচনের দিন কী হবে তা নিয়ে তাঁদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিবেশ শান্ত না থাকলে বেশির ভাগ মানুষ ভোট দিতে বাড়ি থেকে বের হবেন না।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার সন্ধ্যায় ১৮-দলীয় জোটের কর্মীরা হামলা চালিয়ে চারঘাটের নন্দনগাছি ইউনিয়নের বালুদিয়াড় গ্রামে শাহরিয়ার আলমের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। এ সময় তাঁরা চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গত ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বাঘার মনিগ্রামে দুর্বৃত্তরা হামলা চালিয়ে শাহরিয়ার আলমের প্রচার মাইক ভাঙচুর করে। এর দুদিন পর ২৫ ডিসেম্বর বাঘার তুলশীপুর ও মুশিদপুর এলাকায় পৃথক দুটি হামলা চালিয়ে শাহরিয়ার আলমের মাইক ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর চারঘাটের শলুয়া ডিগ্রি কলেজে আয়োজিত শাহরিয়ার আলমের নির্বাচনী কর্মিসভায় ককটেল হামলা করে সভা পণ্ড করে দেওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
শাহরিয়ার আলম অভিযোগ করেছেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি আবু সাঈদের লোকজন এ হামলা করেছেন। তবে আবু সাঈদ দাবি করেছেন, তাঁরা কোনো হামলা করেননি। হামলা হলেই পুলিশ তাঁদের নামে মামলা করে হয়রানি করছে। মূলত বিদ্রোহী প্রার্থীর লোকজনের কারণেই শাহরিয়ারের লোকজন মাঠে দাঁড়াতে পারছেন না।