ক্ষমতাসীনদের অপকর্মে কলুষিত ছাত্ররাজনীতি বীতশ্রদ্ধ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন ছাত্রসংগঠনের ছাত্রনেতা নামক চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কারণে কলুষিত হয়ে গেছে ছাত্ররাজনীতি। ফলে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ অবস্থা থেকে উত্তরণে ও ছাত্রদের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।গতকাল সোমবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ‘যেখানই মুক্তি সংগ্রাম, সেখানেই আমরা তো মিলি লৌহ দৃঢ়তায়’ স্লোগান সামনে রেখে সংগঠনের কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সমাবেশের আয়োজন করে।সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব বলেন, ছাত্রদের অধিকার রক্ষায় ছাত্র ইউনিয়ন তার জন্মলগ্ন থেকে সংগ্রাম করে আসছে। কিন্তু মৌলবাদ আর সাম্রাজ্যবাদের আগ্রাসনে একদিকে যেমন হাজার হাজার পরিবারের সন্তানদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে দিন দিন শিক্ষার ব্যয় বাড়ছে। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় তাই একটি গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, সাংগঠনিক সম্পাদক এস এম শুভ, ঢাকা মহানগরের সভাপতি সুচিত্রা সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আবু তোয়াব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক অভিনু কিবরিয়া ইসলাম প্রমুখ।দেশের ৭৪টি সাংগঠনিক জেলা সংসদে একযোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা যায়। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ এপ্রিল টিএসসি ক্যাফেটেরিয়ায় বিকেল তিনটায় পুনর্মিলনীর আয়োজন করেছে সংগঠনটি।