ক্ষমতাসীনদের দখলে রাজধানীর পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গাবতলী পশুর হাটে আসতে শুরু করেছে পশু। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গাবতলী পশুর হাটে আসতে শুরু করেছে পশু। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

পরপর দুবার রাজধানীর কোরবানির পশুর হাটের ইজারা পেয়েছেন ক্ষমতাসীন দলের ছয় ব্যক্তি ও দুই সংগঠন। এই দুই সংগঠনের নেতারাও ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত। এর মধ্যে এক নেতা ১০ বছর ধরে কামরাঙ্গীর চর হাটের ইজারা পাচ্ছেন। এসব হাটের ইজারাপ্রক্রিয়ায় প্রতিবারই অনিয়ম হয় বলে অভিযোগ আছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীর ২২টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এখন পর্যন্ত ঢাকা উত্তরে সাতটি হাট ১০ কোটি ৮০ লাখ ৬ হাজার ৭৮৬ টাকায় ইজারা দেওয়া হয়েছে। কিন্তু ঢাকা দক্ষিণের নয়টি হাট ইজারা দেওয়া হয়েছে ৬ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায়। সরকার-ঘোষিত নির্ধারিত দরের চেয়ে কম দর পড়ায় দুই সিটিতেই বাকি হাটগুলো ইজারা দেওয়ার জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে।

ডিএসসিসি: গত ৬ জুলাই ১৩টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। ২৬ জুলাই আটটি ও ১০ আগস্ট একটি হাটের ইজারা চূড়ান্ত করা হয়। ১ কোটি ১ লাখ ৫৫ হাজার টাকা দর দিয়ে মেরাদিয়া বাজার পশুর হাটের ইজারা পেয়েছেন ডিএসসিসির ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শরীফ। ৮ লাখ ১০ হাজার টাকায় উত্তর শাজাহানপুরের মৈত্রী সংঘ মাঠ পশুর হাটের ইজারা পেয়েছেন ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ। ৯০ লাখ টাকায় হাজারীবাগ হাটের ইজারা পেয়েছেন হাজারীবাগ থানা আওয়ামী লীগের কর্মী অহিদুর রহমান।

১০ লাখ ৬,৫০০ টাকা দরে রহমতগঞ্জ খেলার মাঠ ইজারা পেয়েছেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা  রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সহসভাপতি শফি মাহমুদ। মাত্র ৫ লাখ ২০ হাজার টাকায় কামরাঙ্গীর চর চেয়ারম্যান বাড়ি মোড় থেকে বুড়িগঙ্গা নদীর পাড় পর্যন্ত ইজারা পেয়েছেন কামরাঙ্গীর চর থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সরকার। ৩৫ লাখ ১৫ হাজার টাকায় পোস্তগোলা শ্মশানঘাট হাটের ইজারা পেয়েছেন শ্যামপুর থানা আওয়ামী লীগের নেতা মইন উদ্দিন চিশতি।

২ কোটি ২০ লাখ টাকা দরে দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গায় হাটের ইজারা পেয়েছেন ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবুল কালাম আজাদ। ১ কোটি ৩৩ লাখ টাকায় শ্যামপুর বালুর মাঠে হাট ইজারা পেয়েছেন আওয়ামী লীগের নেতা মাসুক রহমান। ৬১ লাখ ৫০ হাজার টাকায় ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ হাটের ইজারা পেয়েছেন আওয়ামী লীগের নেতা শামসুজ্জোহা।

নয়জনের মধ্যে আবদুল লতিফ, শফি মাহমুদ, আবুল হোসেন সরকার ও আবুল কালাম আজাদ গতবারও পশুর হাটের বরাদ্দ পেয়েছিলেন। শরীফের নামে হাটের ইজারা নিয়েছেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ আলম। তিনি গতবার মেরাদিয়া বাজার পশুর হাটের ইজারাদার ছিলেন। ইস্ট অ্যান্ড ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির নেতারা নিজ নিজ মাঠ ইজারা নিচ্ছেন।

১০ বছর ধরে কামরাঙ্গীর চর হাট বরাদ্দ পাচ্ছেন আবুল হোসেন সরকার। গত বছরের তুলনায় এবার তিনি ৩০ হাজার টাকা কমে ইজারা পেয়েছেন। অথচ অন্য হাটগুলোর ইজারামূল্য গত বছরের তুলনায় বেড়েছে। অনিয়ম করে তাঁকে ইজারা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন ইজারাপ্রত্যাশী। তিনি হাটটি ইজারা নিয়েছেন মাত্র ৫ লাখ ২০ হাজার টাকায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইজারাপ্রত্যাশী বলেন, এবার কামরাঙ্গীর চরের এই হাটটির জন্য তিনটি শিডিউল জমা পড়েছে। কিন্তু তাঁদের শিডিউল প্রত্যাহার করতে হুমকি-ধমকি দেন আবুল হোসেন ও তাঁর পক্ষের নেতা-কর্মীরা। ভয়ে অন্য ঠিকাদারেরাও আবেদন করার সাহস পাননি। তিনি বলেন, কামরাঙ্গীর চরের ওই হাটের আয়তন তুলনামূলকভাবে অনেক বড়। কিন্তু সিটি করপোরেশন এই হাটের ইজারা নির্ধারণ করেছে মাত্র ৫ লাখ ২০ হাজার টাকা। অথচ এই হাট থেকে কয়েক কোটি টাকা আয় হয়।

আবুল হোসেন সরকার বলেন, নিজ ও দলের নেতা-কর্মীদের পকেট খরচ মেটাতেই তিনি এই হাট ইজারা নেন। কামরাঙ্গীর চর থেকে অন্য কেউ এই হাটের জন্য আবেদন করেনি। শিডিউল কেনা ওই দুজনকে কোনো হুমকি বা বাধা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, দরপত্রে সরকারিমূল্যের চেয়ে কম দর হওয়ায় ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠ, গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, আরমানিটোলা খেলার মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশে খালি জায়গা হাটের জন্য পুনরায় দরপত্রের আহ্বান করা হয়েছে। ২০ আগস্ট শিডিউল কেনার শেষ তারিখ। এর পরের দিন দরপত্র চূড়ান্ত করা হবে।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয় সরকার নীতিমালার আলোকে রাজধানীর অস্থায়ী কোরবানি পশুর হাট ইজারা দেওয়া হয়। যে সর্বোচ্চ দর দেবে, তাকেই হাট বরাদ্দ দেওয়া হবে। দল ও ক্ষমতাসীন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয় না দাবি করে এই কর্মকর্তা বলেন, হাটগুলো থেকে ইজারামূল্যের চেয়ে বেশি হাসিল আদায় করা হলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি: ১৩ জুলাই ডিএনসিসির সাতটি হাটের দরপত্র চূড়ান্ত করা হয়। সরকার-নির্ধারিত দরের চেয়ে কম হওয়ায় সম্প্রতি দুটি হাটে পুনরায় দরপত্র আহ্বান করা হয়।

দরপত্র চূড়ান্ত হওয়া হাটগুলোর মধ্যে ৩ কোটি ৭৫ লাখ টাকা দরে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর গোলচত্বরসংলগ্ন খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন দক্ষিণখান থানা আওয়ামী লীগের নেতা মো. শফিক। ১ কোটি ৩০ লাখ টাকা দরে ভাটারা সাঈদ নগর পশুর হাট পেয়েছেন গুলশান থানা আওয়ামী লীগের নেতা মোজাফফর হোসেন। ১ কোটি ৯ লাখ ৫৫ হাজার টাকা দরে বাড্ডার আফতাবনগর হাট পেয়েছেন বাড্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রহমান। ১ কোটি ৫০ লাখ টাকা দরে বসিলা পুলিশ লাইন হাট পেয়েছেন যুবলীগের নেতা মো. শাহ আলম। ১ কোটি ৪১ লাখ ৭৮৬ টাকা দরে মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গার হাট পেয়েছেন যুবলীগের নেতা সালাহউদ্দিন মাহমুদ। ১৫ লাখ ১ হাজার টাকা দরে মিরপুর ডিওএইচএসসংলগ্ন উত্তর পাশের হাট পেয়েছেন আওয়ামী লীগের নেতা ইমরান উদ্দিন মোল্লাহ। ১ কোটি ৩২ লাখ টাকা দরে খিলক্ষেত ৩০০ ফুট সড়ক ও দক্ষিণ পাশের বসুন্ধরার প্রাচীরের মধ্যবর্তী হাট পেয়েছেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলী দেওয়ান।

এর মধ্যে গতবারও উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর গোলচত্বরসংলগ্ন খালি জায়গার হাটের ইজারা পেয়েছিলেন মো. শফিক। তাঁদের এই হাট পাওয়ার পেছনে স্থানীয় সাংসদ, কাউন্সিলর ও ক্ষমতাসীন দলের নেতারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার। তবে গত বছরের তুলনায় প্রত্যেকটি হাটের ইজারামূল্যে বেড়েছে।

ডিএনসিসির সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা বলেন, অস্থায়ী পশুর হাটের মধ্যে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা ও আশিয়ান সিটি হাউজিংয়ে পশুর হাট বরাদ্দ বাকি আছে। যথাযথ দর পেলে এই দুটি হাট বরাদ্দ দেওয়া হবে।