ক্ষমতাসীনদের দাপটে গম বিতরণ বন্ধ
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাপটের কারণে বগুড়ার ধুনটে পুলিশ-পাহারা দিয়েও ভিজিডির গম তালিকাভুক্ত দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবার ভিজিডি কর্মসূচির আওতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪ মাসের জন্য খাদ্য সাহায্যের পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ জন্য গত ২ নভেম্বর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে উপজেলার ১০টি ইউনিয়নে দুই হাজার ৮৬টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে।ভিজিডি কার্ড পাওয়ার যোগ্য দুস্থ ও সম্বলহীন মহিলাদের তালিকা তৈরির জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি তালিকা তৈরি করে উপজেলা ভিজিডি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেন। কিন্তু ক্ষমতাসীন দলের লোকজন পৃথক তালিকা তৈরি করে জমা দেন। এ কারণে এক মাস আগে খাদ্যগুদাম থেকে গম উত্তোলন করলেও তা বণ্টন করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে দুই পক্ষের তালিকার নাম নিয়ে লটারি করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়। চূড়ান্ত তালিকা অনুযায়ী গত রোববার সকালে এলাঙ্গী ইউনিয়নের ভিজিডির গম বিতরণ শুরু হয়। কিন্তু এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা তালিকা তৈরিতে দুর্নীতির অভিযোগ এনে গম বিতরণে বাধা দেন। ফলে ধুনট থানা থেকে পুলিশ এনে ১৭২টি কার্ডের অনুকূলে দুই মাসের ৬০ কেজি করে ৫২ জনকে গম দেওয়া হয়। একপর্যায়ে মারমুখী আক্রমণের কারণে বাকি কার্ডের গম বিতরণ বন্ধ করে দেওয়া হয়। এ ব্যাপারে এলাঙ্গী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদা খাতুন বলেন, ‘সরকারদলীয় নেতাদের মারমুখী ভূমিকায় গম বিতরণ করতে পারিনি।’এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ তারেক হেলাল বলেন, ‘ভিজিডি কার্ডের তালিকা তৈরিতে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এ কারণে আমার দলের নেতা-কর্মীর নাম বাদ পড়ায় গম বিতরণ বন্ধ করা হয়েছে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী বলেন, ‘দলীয় নেতা-কর্মীর চাপের মুখে পরিস্থিতি শান্ত করার জন্য গম বিতরণ করা আপাতত বন্ধ রাখা হয়েছে। সময়মতো বিতরণ করা হবে।’