ক্ষমতাসীনদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ক্ষমতাসীনদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, সরকার জনকল্যাণমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে। এরা কেবল লুটপাট আর নিজেদের আখের গোছাতে ব্যস্ত। গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই তারা রক্ষা করতে পারেনি। সরকারের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া। দেশ ও জনগণ নানা সমস্যায় জর্জরিত, উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, সাধারণ মানুষ অসহায়। দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী। গ্যাস, বিদ্যুৎ আর পানি সংকটে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। নগর অচল হয়ে পড়ছে যানজটে। সরকার জনগণের জন্য কিছুই করতে পারেনি। তারা লুটপাটে ব্যস্ত। খালেদা জিয়া সিএনজি স্টেশন ও স্কুল-কলেজ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এই সরকার সমস্যার সমাধান না করে সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। সরকারি দলের লোকজন সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সরকার বিদ্যুৎ দিতে পারছে না। এই ব্যর্থতা ঢাকতে দোকানপাট বন্ধ করিয়ে দিয়ে দেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষতি করছে। কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে মানুষকে বেকার করে ফেলছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও বিএনপির দলীয় কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এরপর বিএনপির মহাসচিবসহ সংগঠনের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।