ক্ষমতাসীনদের নিয়ে বিএনপি নেতার দখলবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী পৌর শহরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৪০ শতাংশ জমি কয়েক দিন ধরে দখলে নিয়ে ঘর তুলছেন স্থানীয় বিএনপি নেতা। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সহায়তায় এই জমি দখল করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, পাউবো কার্যালয়-সংলগ্ন এলাকায় ৪৩/১ পোল্ডারের প্রায় ৪০ শতাংশ জমি দখল করে সেখানে এক সপ্তাহ ধরে মাটি কেটে ঘর তুলছেন জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান ও তাঁর ভাই আমতলী পৌর বিএনপির সহসভাপতি রাশেদ আহম্মেদ।প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ ডিসেম্বর সকালে মশিউর ও রাশেদ উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সোবহানের নেতৃত্বে ১৫০-২০০ তরুণ নিয়ে জমি দখল করেন। ওই দিন তাঁরা মাটি কেটে স্থানটি ভরাট করে ভিটি করে ঘর তোলা শুরু করেন। গত এক সপ্তাহে সেখানে চারটি টিনের ঘর তুলেছেন তাঁরা।পাউবো জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ১৯৬৭-৬৯ সাল পর্যন্ত তিন বছরে ওই এলাকায় প্রায় দুই একর ৫০ শতাংশ জমি অধিগ্রহণ করে পাউবো। দখল করা ওই জমিও পাউবোর অধিগ্রহণ করা।স্থানীয় বাসিন্দা শাহজাদা আকন জানান, ওই দুই একর ৫০ শতাংশ জমি তাঁর বাবা ইসমাইল আকন, চাচা মুনসুর আকন, আসমত আকন ও আবদুল আজিজ আকনের কাছ থেকে অধিগ্রহণ করে পাউবো। ১৯৯০ সালের পর ওই জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে তাঁরা চাষাবাদ করে আসছেন। এ জন্য তাঁরা পাউবোর কাছে ওই জমি ইজারা চেয়ে দুই দফায় পৃথক চারটি আবেদনও করেন। সর্বশেষ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি আরেকটি আবেদন করেন। আবেদনটি বর্তমানে প্রক্রিয়াধীন। এ অবস্থায় ৯ ডিসেম্বর মশিউর ও রাশেদ ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে সেখানে ঘর তুলতে শুরু করেন। প্রাণভয়ে তাঁরা ও পাউবোর কোনো কর্মকর্তা ওই কাজে বাধা দেননি।উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সোবহান বলেন, ‘আমি ওইখানে এক ওয়ারিশের কাছ থেকে জমি কিনেছি। জমি দখল হচ্ছে শুনে সেখানে গিয়েছিলাম।’ পাউবোর জমি কীভাবে কিনলেন জানতে চাইলে তিনি বলেন, ‘কাগজপত্রমূলে কিনেছি।’ সশস্ত্র তরুণদের নিয়ে গেলেন কেন—এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।পাউবোর আমতলী কার্যালয়ের কার্যসহকারী আলমগীর হোসেন বলেন, ‘মশিউর রহমান ও তাঁর নিযুক্ত লোকজন মাটি কেটে কয়েকটি ঘর তুলেছেন। আমি বাধা দিয়েছি। কিন্তু তাঁরা অনেক লোক নিয়ে এসেছিল। পরে বিষয়টি পাউবোর জেলা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’অভিযুক্ত বিএনপি নেতা মশিউর রহমান বলেন, ‘জমি দখলের ব্যাপারে সরাসরি জড়িত ছিলাম না। তবে ওই জমি আমার বাবা ও তিন চাচার কাছ থেকে অধিগ্রহণ করেছিল পাউবো। পরে পরিত্যক্ত ওই জমি ইজারা চেয়ে আবেদন করি। কিন্তু ইজারা না পেয়ে জেলা জজ আদালতে মামলা করি।’ তিনি দাবি করেন, আদালত তাঁর পক্ষে ডিক্রি দিয়েছেন। এখন দুই একর ৫০ শতক জমির মালিকানা তাঁর।পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মশিউর নামে এক ব্যক্তি লোকজন নিয়ে ওই জমি দখল করছেন বলে আমতলীর পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন। নির্বাহী প্রকৌশলী ছুটিতে থাকায় এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিতে পারিনি। তিনি এলে অবশ্যই আমরা এ বিষয়ে মামলা করব।’ মশিউরের ডিক্রি পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যেন ইজারা দিতে না পারি, তার ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। আমরা এর বিরুদ্ধে আপিল করেছি।’