ক্ষমতাসীনদের বিরুদ্ধে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়ার সময় বাধা ও দরপত্র ছিনিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ক্ষমতাসীন দলের ঠিকাদার দাবি করে কয়েকজন এ ঘটনা ঘটান। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ঠিকাদারেরা জানান, বিশ্ববিদ্যালয়ের তিনটি গ্রুপের ১৫ কোটি টাকার কাজের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল। সকাল ১০টার দিকে প্রশাসনিক ভবনে উপস্থিত হন জেলা সদর থেকে আসা কয়েক ব্যক্তি। তাঁরা নিজেদের ক্ষমতাসীন দলের ঠিকাদার দাবি করে দরপত্র জমা দেন। এ সময় তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত অপর কয়েকজন ঠিকাদার ও বিএনপি-সমর্থিত ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা দেন এবং কয়েকজনের দরপত্র ছিনিয়ে তা ছিঁড়ে ফেলেন। এ প্রসঙ্গে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য সুলতান আহমেদ মৃধা প্রথম আলোকে বলেন, আমি মেসার্স বলরাম বণিক ট্রেডার্সের নামে দরপত্র জমা দিতে লোক পাঠালে আওয়ামী লীগের নেতা ও ঠিকাদার মহিউদ্দিন, গিয়াস ও নাসিরের নেতৃত্বে কয়েকজন আমার প্রতিনিধির কাছ থেকে দরপত্র ছিনিয়ে নেন এবং তা ছিঁড়ে ফেলেন। প্রশাসনিক ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও তাঁরা এগিয়ে আসেননি। জেলা বিএনপির আহ্বায়ক ঠিকাদার আবদুর রশীদ চুন্নু মিয়া অভিযোগ করেন, তাঁর প্রতিনিধি দুই ও তিন নম্বর গ্রুপের দরপত্র জমা দিতে গেলে প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থান করা আওয়ামী লীগের পরিচয়দানকারী কয়েকজন ঠিকাদার তাঁর ২১ লাখ টাকার ব্যাংক গ্যারান্টির কাগজসহ দরপত্র ছিনিয়ে নেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার আসাদ খান প্রথম আলোকে বলেন, তিনি দুই নম্বর গ্রুপের দরপত্র জমা দিতে গেলে টেন্ডার বক্সের কাছে পৌঁছালে ক্ষমতাসীন দলের কয়েকজন ঠিকাদার তাঁর দরপত্র ও ব্যাংক গ্যারান্টির নয় লাখ টাকার কাগজ ছিনিয়ে নেন। আসাদ খান পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নির্মল চন্দ্র সাহার কাছে লিখিত অভিযোগ দেন। নির্মল সাহা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ঠিকাদার মহিউদ্দিন, গিয়াস ও নাসির তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁদের মতো অনেক ঠিকাদার দরপত্রে অংশ নিয়েছেন। এমনকি এ কাজের বিপরীতে বরিশাল ও ঢাকাতেও দরপত্র জমা পড়েছে। কাজেই কোনো ঠিকাদারকে দরপত্র জমাদানে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনিক ভবনের বাইরে ছিলাম। ভেতরে দরপত্র জমাদানে বাধা বা দরপত্র ছিঁড়ে ফেলার কোনো অভিযোগ পাইনি।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের ডেকে বলেছি, যাতে সুষ্ঠুভাবে দরপত্র জমা দেওয়া হয়, সেই ব্যবস্থা করেন। তাঁরা আমাকে আশ্বাস দিয়েছেন, কোনো সমস্যা হবে না। এর পরও কোনো সমস্যা হয়েছে কি না, এ সম্পর্কে কোনো অভিযোগ পাইনি।