ক্ষমতাসীনদের বুড়ো আঙুল দুই পদে তৃতীয় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে রায় দিয়েছেন ভোটারেরা। চেয়ারম্যানসহ তিনটি পদে এখানে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। দুটি পদে তাদের প্রার্থী তৃতীয় হয়েছেন।
বিগত একতরফা সংসদ নির্বাচন, নেতা-কর্মীদের জনসম্পৃক্ততার অভাব এবং দমন-পীড়নের কারণে মানুষ বিএনপিমুখী হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বিভক্তি থাকলেও নির্বাচনের মাঠে নিজেদের প্রার্থীর পক্ষে সংগঠিত হয়ে জোরালো ভূমিকা রেখেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
এ ছাড়া ভোটের কয়েক দিন আগে বিএনপি, জামায়াত ও হেফাজত ঐক্যবদ্ধ হয়ে পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ ও বাম ঘরানার প্রার্থীদের বিরুদ্ধে ‘নেগেটিভ’ প্রচারণা চালায় বলেও অভিযোগ রয়েছে।
এসব কারণে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ভাইস চেয়ারম্যান পদটি পায় ইসলামিক ফ্রন্টের এয়ার মোহাম্মদ পেয়ারু।
চেয়ারম্যান পদে বিএনপির মোজাফফর আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদে সদ্য বিএনপিতে যোগ দেওয়া আফরোজা বেগম জিতেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাম ঘরানার প্রার্থী মাজেদা বেগম দ্বিতীয় হন। আওয়ামী লীগের সাজেদা বেগম তৃতীয় হন।
চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ক্ষমতাসীনদের একাধিক প্রার্থী থাকলেও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী ছিলেন মোহাম্মদ সেলিম। কিন্তু তিনি তৃতীয় হন। দ্বিতীয় হন বিএনপির প্রার্থী মোজাম্মেল হক।
আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ ফুঁসছে বলে মনে করছেন বিজয়ীরা। এই কারণে নির্বাচনে তাদের ভরাডুবি হচ্ছে বলে মনে করছেন বিজয়ী চেয়ারম্যান মোজাফফর আহমেদ চৌধুরী। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, জনগণ এখন বিএনপিমুখী। গত ৫ জানুয়ারি নির্বাচনে মানুষ প্রতারিত হয়েছে। গণতন্ত্রহীনতার কারণে সংগঠিত হয়ে মানুষ এই রায় দিয়েছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী মিলে বিজয়ী প্রার্থীর চেয়ে ২৬ হাজার ভোট কম পেয়েছেন। বিজয়ী বিএনপির মোজাফফর পেয়েছেন ৮১ হাজার ৪৫৮ ভোট। অন্য দুটি পদেও আওয়ামী লীগ প্রার্থী অনেক পেছনে।
সরেজমিনে দেখা গেছে, মানুষকে বাড়ি থেকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাযোগে ভোটকেন্দ্রে নিয়ে গেছে বিএনপি ও জামায়াতের কর্মীরা। প্রতিটি কেন্দ্রে ঢোকার মুখে বারবার ভোটারদের স্মরণ করিয়ে দিয়েছেন তিন পদে বিএনপির প্যানেলের তিন প্রতীক, ‘আনারস-টিউবওয়েল-হাঁস।’
ভোটকেন্দ্রে বিএনপি জামায়াতের পাশাপাশি হেফাজতে ইসলামও সক্রিয় ছিল। পটিয়া জিরি মাদ্রাসার ছাত্ররা ভোটকেন্দ্রে যাওয়ার সময় ভোটারদের আওয়ামী লীগ ও বাম দলকে ভোট না দিতে প্রচারণা চালায়। এ সময় এক কর্মীকে মাদ্রাসায় নিয়ে গিয়ে মারধরও করে ছাত্ররা। বিষয়টি স্বীকার করে নির্বাচনে পরাজিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাজেদা বেগম বলেন, ‘বিএনপি-জামায়াত হেফাজত এক হয়ে এখানে আমাদের বিশেষ করে আমার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা চালায়। আমরা নাস্তিক, বিএনপি প্রার্থী আস্তিক। ভোটারদের ওপর জোর খাটিয়েছে অনেক স্থানে।’ মাজেদার স্বামী শরিফ চৌহান গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক।
এ বিষয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, ‘চেয়ারম্যান পদে আমাদের একাধিক প্রার্থী থাকায় কর্মীরা সিদ্ধান্তহীনতায় ছিল। এ ছাড়া ভোটারও কম এসেছে। আর তারা কিছু নেগেটিভ প্রচারণাও চালিয়েছে।’