ক্ষমতাসীনদের সদিচ্ছার অভাব বিকেন্দ্রীকরণ না হওয়ার জন্য দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার কেন্দ্রীকরণ দেশের উন্নয়নে প্রধান অন্তরায় বলে মনে করেন সাবেক সচিব আকবর আলি খান। তিনি বলেছেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন চাইলে বিকেন্দ্রীকরণ প্রয়োজন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাভিশন ফাউন্ডেশন আয়োজিত ‘বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় আকবর আলি খান এ কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, সরকারগুলো বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিলেও আজ পর্যন্ত কেউ তা বাস্তবায়ন করতে পারেনি। মূলত ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবই এ জন্য দায়ী।আকবর আলি খান আরও বলেন, শুধু কেন্দ্রীয় সরকারের ক্ষমতার বিকেন্দ্রীকরণই যথেষ্ট হবে না। স্থানীয় সরকারেরও বিকেন্দ্রীকরণ করতে হবে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে সুষম উন্নয়ন করতে না পারলে অদূর ভবিষ্যতে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। বর্তমান সরকার সাংসদদের উপজেলা পরিষদের পরামর্শক হিসেবে রেখে আইন পাস করায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির হাতেই ক্ষমতার সবটুকু চলে গেছে বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তনের সময় এসেছে। অবকাঠামো উন্নয়নের জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। উন্নয়নের স্বার্থে যেখানে ক্ষমতা বিকেন্দ্রীকরণের দরকার ছিল, সেখানে এটা আরও কেন্দ্রীভূত করা হচ্ছে।’ সংগঠনের সভাপতি অধ্যাপক এম শরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, জাতিসংঘ প্রতিবন্ধী অধিকারবিষয়ক কমিটির সদস্য মনসুর আহমেদ চৌধুরী, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী প্রমুখ।